


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাস আরও নির্দিষ্টভাবে দিতে আলিপুর আবহাওয়া দপ্তরে একটি অত্যাধুনিক ল্যাবরেটরি চালু হল। বৃহস্পতিবার কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র এর উদ্বোধন করেন। তিনি বলেন, সঠিক পূর্বাভাস দেওয়ার সুবাদে ঘূর্ণিঝড়ে মৃত্যু কমেছে। কিছু ঘূর্ণিঝড়ে তো প্রাণহানি শূন্যেও নামানো সম্ভব হয়েছে। কিন্তু এখনও উদ্বেগ রয়েছে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টি ও বজ্রপাত নিয়ে। প্রসঙ্গত, সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর অর্ধেকেরও বেশি হচ্ছে বজ্রপাত থেকে!
ডিজি জানান, বজ্রগর্ভ মেঘের জন্য ঝড়বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দিতে এই নতুন ল্যাবরেটরিটি বিশেষ সহায়ক হবে। বজ্রগর্ভ মেঘের উপর আরও ভালোভাবে নজরদারি চালাতে কলকাতায় আবহাওয়া দপ্তরের যে পুরনো রেডারটি আছে, সেটির বদলে একটি একই ক্ষমতার এস ব্যান্ডের রেডার একবছরের মধ্যে বসানো হবে। উল্লেখ্য, এটি এখন রাজ্যে আবহাওয়া দপ্তরের একমাত্র রেডার। পুরনো হয়ে যাওয়ার কারণে এটি মাঝে মাঝে অচল হয়ে পড়ে। কলকাতা ছাড়াও মালদহ ও ডায়মন্ডহারবারে আরও দুটি রেডার বসানোর প্রক্রিয়া চলছে।
আবহাওয়া দপ্তরের শীর্ষকর্তা আরও জানান, গোটা দেশে এখন ৪৬টি রেডার আছে। সংখ্যাটি একবছরে বেড়ে ৭৫ হবে। ২০২৮ সালের মধ্যে ১২৬টি রেডার বসানোর লক্ষ্যমাত্রা নিয়েছে দপ্তর। নতুন যে ল্যাবরেটরি করা হল সেখানে উচ্চ প্রযুক্তির কম্পিউটারে এআই এবং মেশিন লার্নিং প্রয়োগের ব্যবস্থা থাকছে। আবহাওয়া সংক্রান্ত গবেষণা ও পড়াশোনার ক্ষেত্রে এটি সহায়ক হবে। আবহাওয়া সংক্রান্ত শিক্ষার ব্যাপারে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধও হচ্ছে দপ্তর।