


সংবাদদাতা, ময়নাগুড়ি: রবিবার ভোরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল ময়নাগুড়ি শহরের গোবিন্দনগর পাড়া এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের হতেই ঘটনার তদন্তে নেমেছে ময়নাগুড়ি থানার পুলিশ। অভিযোগ উঠেছে, বাড়ির ঠাকুর ঘর থেকে প্রতিমার গায়ের একাধিক সোনার গয়না চুরি হয়েছে। এছাড়াও নগদ টাকা ও ৪টি মোবাইল চুরি হয়েছে। প্রায় ৩০ গ্রাম সোনার অলংকার চুরির অভিযোগ উঠেছে।
জানা গিয়েছে, শনিবার গোবিন্দ নগর এলাকার বাসিন্দা সুশান্ত রায়ের বাড়িতে পুজো ছিল। আমন্ত্রিতদের সংখ্যা ছিল প্রায় ৫০০ জন। অতিথিরা চলে যাওয়ার পর ভোর প্রায় তিনটে নাগাদ পরিবারের সকল সদস্যরা শুয়ে পড়েন। এরপর এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
জানা গিয়েছে, বাড়ির প্রত্যেকটি দরজা ও জানালা বন্ধ ছিল। বাড়ির লোকের অনুমান, কোনভাবে গাছ বেয়ে প্রথমে একটি ছাদে চোররা ওঠে । এরপর তৃতীয় তলার ছাদে গিয়ে সিড়ি দিয়ে ঘরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটিয়েছে। অপরদিকে, চুরির পর ঠাকুর ঘরের দরজা সুন্দরভাবে বন্ধ করে রেখেছিল অভিযুক্ত। রবিবার সকালে ওই বাড়ির একজন ঠাকুর ঘর খুলতেই দেখতে পান সোনার অলংকার নেই।
পরিবার সূত্রে জানায়ায়, প্রতিমার সোনার দুটি মুকুট, দুটি সোনার চেন, এবং চারটি মোবাইল চুরি হয়েছে। পাশাপাশি একটি প্যান্টে রাখা মানিব্যাগ থেকে প্রায় সাত হাজার টাকা চুরি হয়েছে। তদন্তকারী পুলিশ আধিকারিক বলেন, অভিযোগ পাওয়ার পর এলাকায় গিয়ে ঘটনার তদন্ত করা হচ্ছে।