


কাবুল: চলতি মাসেই ভারতে আসছেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। সম্প্রতি মুত্তাকির উপর থেকে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আংশিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে রাষ্ট্রসংঘ। তারপরেই শনিবার ভারত সফরের কথা জানালেন তিনি। প্রসঙ্গত, ২০২১ সালে তালিবান আফগানিস্তানে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রথমবার ভারতে আসছেন তালিবান মন্ত্রী। আফগানিস্তানের বিদেশ মন্ত্রক জানিয়েছে, আগামী ৭ অক্টোবর মস্কো সামিটে যোগ দেবেন মুত্তাকি। সেখানে থাকবে চীন, ভারত, ইরান ও মধ্য এশিয়ার বেশ কয়েকটি দেশ। তারপরেই ভারত সফরে আসবেন আফগান বিদেশমন্ত্রী। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অনুমতি নিয়ে আগামী ৯ থেকে ১৬ তারিখ পর্যন্ত নয়াদিল্লিতে আসতে পারবেন মুত্তাকি। গত এপ্রিল মাসেই কাবুলে গিয়েছিলেন ভারতের বিশেষ প্রতিনিধি আনন্দ প্রকাশ। সেখানে দু’দেশের রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে দীর্ঘ আলোচনা হয়। প্রসঙ্গত , একমাত্র রাশিয়াই তালিবান সরকারকে স্বীকৃতি দিয়েছে। তবে আমেরিকা, ব্রিটেনের মতো দেশগুলির সঙ্গেও সুসম্পর্ক তৈরিতে আগ্রহী তালিবান সরকার।