


নয়ডা, ১৪ এপ্রিল: নয়ডায় বিক্ষোভের ২৪ ঘন্টার মধ্যেই বড় সিদ্ধান্ত যোগী সরকারের। শ্রমিকদের বিভিন্ন শ্রেণির জন্য ন্যূনতম মজুরি সর্বোচ্চ ৩,০০০ টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা করা হল উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে। গৌতম বুদ্ধ নগর জেলার জেলা শাসক মেধা রূপম মঙ্গলবার জানান, ‘উচ্চ পর্যায়ের একটি কমিটির সুপারিশের ভিত্তিতে এই বেতন সংশোধন করা হয়েছে এবং সোমবার গভীর রাতে এটি মুখ্যমন্ত্রীর অনুমোদন পেয়েছে। তিনি আরও জানান, এই সিদ্ধান্ত ১ এপ্রিল থেকে কার্যকর ধরা হবে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এটি একটি অন্তর্বর্তী সিদ্ধান্ত। পরবর্তীতে এবিষয়ে একটি বিস্তৃত পর্যালোচনা করা হবে। ওয়েজ বোর্ডের মাধ্যমে স্থায়ী সমাধানের প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শুরু করা হবে। বিক্ষোভ ভয়ানক রূপ ধারণ করার পরেই সোমবার এনিয়ে নড়েচড়ে বসে যোগী সরকার। তার পরেই এই সিদ্ধান্ত।
সরকারি সূত্রে জানা গিয়েছে, গৌতম বুদ্ধ নগর এবং গাজিয়াবাদের সংশোধিত বেতন কাঠামো অনুযায়ী অদক্ষ শ্রমিকদের বেতন ১১,৩১৩ টাকা থেকে বেড়ে হল ১৩, ৬৯০ টাকা। আধা-দক্ষ শ্রমিকরা পাবেন ১৫,০৫৯ টাকা এবং দক্ষ শ্রমিকদের বেতন বেড়ে দাঁড়াল ১৬,৮৬৮ টাকা। অপরদিকে, পুরসভায় অদক্ষ শ্রমিকদের জন্য মাসিক মজুরি বেড়ে দাঁড়াল ১৩,০০৬ টাকা। অল্প-দক্ষ শ্রমিকদের জন্য ১৪,৩০৬ টাকা এবং দক্ষ শ্রমিকদের জন্য ১৬,০২৫ টাকা। বাকি জেলাগুলিতে অদক্ষ শ্রমিকরা প্রতি মাসে ১২,৩৫৬ টাকা, অল্প-দক্ষ শ্রমিকরা ১৩,৫৯১ টাকা এবং দক্ষ শ্রমিকরা ১৫,২২৪ টাকা করে বেতন পাবেন।
উল্লেখ্য, গতকাল শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল হয়ে ওঠে নয়ডা। বেতনের পরিমান নিয়ে কার্যত অসন্তোষ প্রকাশ করেন কারখানার শ্রমিকরা। নয়ডার হোসিয়ারি কারখানার কর্মীদের এই ক্ষোভ রনক্ষেত্রে বদলে যায়। রাস্তা অবরোধ। চলে ভাঙচুর। গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া সঙ্গে পুলিশের উপর হামলা। বন্ধ হয়ে যায় দিল্লি-নয়ডা সংযোগকারী রাস্তা। এমনকী আজ মঙ্গলবার সকালেও পুলিশের উপর চলে হামলা।