


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সোনিয়া-রাহুল গান্ধীর নির্দেশ মেনে মুর্শিদাবাদের বহরমপুর থেকে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন অধীররঞ্জন চৌধুরী। প্রায় তিন দশক পর ফের তিনি বিধানসভার লড়াইয়ে ফিরছেন। কংগ্রেসের প্রার্থী তালিকা নির্বাচনের বৈঠক বসবে শীঘ্রই। সেখানেই আনুষ্ঠানিকভাবে অধীরবাবুর নাম ঘোষণা হবে। একইসঙ্গে রাজ্য কংগ্রেসের পুরনো আরও কয়েকজন নেতানেত্রীর নামও ঘোষণা হবে বলেই জানা গিয়েছে। কংগ্রেস এবার বাংলায় একা লড়ছে। বামেদের সঙ্গে জোটে নয়। এআইসিসিতে দলের সাম্প্রতিক বৈঠকে বামেদের সঙ্গে জোটে আপত্তি করেছিলেন অধীরবাবু। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও সহমত পোষণ করেছিলেন। সেই মতো কংগ্রেস এবার একা চলার সিদ্ধান্ত নেওয়ার পরেই হাইকমান্ড জানিয়ে দেয়, পুরনো নেতাদের লড়তে হবে। সেই মতো সাংসদ হওয়া সত্ত্বেও অসমে গৌরব গগৈকে বিধানসভা ভোটে প্রার্থী করেছে।
অধীরবাবু জানিয়েছেন, ‘দলের সৈনিক হিসেবে যা দায়িত্ব মিলবে, পালন করব। এলাকার কর্মী, সমর্থক, সাধারণ মানুষ চাইছেন আমি বহরমপুর থেকে দাঁড়াই। তাই দল আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করলে তখনই স্পষ্ট হবে কী হচ্ছে।’ বর্তমানে বহরমপুরের বিধায়ক হলেন বিজেপির সুব্রত মৈত্র। মোদি-শাহর দল এবারও তাঁকেই প্রার্থী করেছে। অন্যদিকে, তৃণমূল দাঁড় করাচ্ছে অধীরবাবুর একসময়ের ঘনিষ্ঠ নাড়ুগোপাল মুখোপাধ্যায়কে। বামেরা এখনও বহরমপুরে প্রার্থী ঘোষণা করেনি। ফলে আপাতত ত্রিকোণ লড়াইয়ে নিজের ভাগ্য পরীক্ষায় নামছেন অধীরবাবু। উল্লেখ্য, ১৯৯৬ সালে মুর্শিদাবাদের নবগ্রাম থেকে বিধায়ক ছিলেন তিনি। পরে ১৯৯৯ সাল থেকে পরপর পাঁচবার বহরমপুর থেকে সাংসদ।- ফাইল চিত্র