


সুমন তেওয়ারি, আসানসোল: তৃণমূল কংগ্রেস সরকারের শতাধিক জনমোহিনী প্রকল্পকে টক্কর দিতে বিজেপির ভরসা তাদের সংকল্পপত্র। ভোট টানতে ঢালাও প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। মহিলা ও যুব সম্প্রদায়কে তুষ্ট করতে আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। কৃষকদের মন পেতে তৃণমূলের কৃষক বন্ধুর পাল্টা পিএম কৃষানকে তুলে ধরা হচ্ছে। কিন্তু, আদৌ কি দু’টি প্রকল্প এক? প্রশাসনিক স্তরে খোঁজ নিতেই জানা গেল রয়েছে বিস্তর পার্থক্য। কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পায় প্রায় সবাই। অথচ পিএম কৃষান প্রকল্প শর্তের ঘেরাটোপে বন্দি। এনিয়ে প্রচার, পাল্টা প্রচার করছে তৃণমূল ও বিজেপি।
পাঁচ দিন পর শিল্পাঞ্চলে বিধানসভা ভোট। প্রচারে কোনো ফাঁক রাখছেন না আসানসোল দক্ষিণের তারকা বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তৃণমূল সরকারের প্রকল্প ও বিজেপির প্রতিশ্রুতিকে পাশাপাশি রেখে প্রচার শুরু করেছেন। কৃষকদের ভরসা পেতে তিনি উল্লেখ করেছেন, পিএম কৃষান প্রকল্পে টাকা বাড়বে পশ্চিমবঙ্গে। কেন্দ্র থেকে দেওয়া হয় ৬ হাজার টাকা ও রাজ্য থেকে দেওয়া হবে আরও তিন হাজার টাকা, মোট ন’ হাজার টাকা। অন্যদিকে কৃষক বন্ধুর কথা উল্লেখ করতে গিয়ে তিনি লিখেছেন, কৃষকরা বছরে সর্বোচ্চ ১০ হাজার টাকা পান এবং সর্বনিম্ন চার হাজার টাকা। তাঁর দেওয়া প্রতিশ্রুতি মতোই কৃষক বন্ধু থেকে পিএম কৃষানে বাংলার চাষিরা কম টাকা পাবেন। কিন্তু এই প্রকল্প পেতে মানতে হবে একাধিক শর্ত। প্রথমত, ১ ফেব্রুয়ারি ২০১৯ সালের আগে জমি কৃষকের নামে রেকর্ড থাকতে হবে। অর্থাৎ বংশগত ভাবে বা ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসের পর কেউ কৃষি জমি কিনলেও তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। কৃষক পরিবারে কেউ যদি কেন্দ্রীয় বা রাজ্য সরকারের, রাষ্ট্রায়ত্ত সংস্থার, স্বশাসিত সংস্থার বর্তমান বা প্রাক্তন কর্মী হন, তবে ওই কৃষক পরিবার এই প্রকল্পের সুবিধা পাবে না। পরিবারের কেউ ১০ হাজার টাকা বা তার বেশি টাকার পেনশন পেলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। শর্ত থেকেই স্পষ্ট কৃষক বন্ধুর বদলে রাজ্যে পিএম কৃষান প্রকল্পে বঞ্চিত হবেন বহু কৃষক পরিবার। কৃষকদের সূত্রে জানা গিয়েছে, বাংলায় এখন দু’টি প্রকল্পই চালু রয়েছে। অর্থাৎ যে সব কৃষক এই শর্তগুলি পালন করতে পারছেন, তাঁরা যেমন পিএম কৃষানে ৬ হাজার টাকা পাচ্ছেন তেমনি আবার কৃষক বন্ধু প্রকল্পেও ১০ হাজার টাকা পাচ্ছেন। অর্থাৎ মোট মিলছে ১৬ হাজার টাকা। বিজেপি প্রতিশ্রুতি বাস্তবায়িত করলেও একজন কৃষক সর্বোচ্চ ৯ হাজার টাকাই পাবেন। সেই টাকা পেতেও একাধিক শর্তের বাধা পার করতে হবে। বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে জমিহীন ভাগ চাষিদেরও এই প্রকল্পের অন্তর্ভুক্ত করেছেন। পিএম কৃষানের ক্ষেত্রে ভাগচাষিদের প্রকল্পের সুবিধা পাওয়ার কোনো ব্যবস্থা নেই। এখনকার পরিসংখ্যান থেকেও বিষয়টি স্পষ্ট। পশ্চিম বর্ধমানের মতো শিল্পকেন্দ্রিক জেলাতেও যেখানে কৃষক বন্ধুর সুবিধা পাচ্ছেন প্রায় ৭২ হাজার চাষি সেখানে পিএম কৃষানের সুবিধা পান ২৫ হাজারের কম মানুষ। বিজেপি জেলা সহ সভাপতি তাপস রায় বলেন, রাজ্য সরকার বাংলার ৩৯ লক্ষ কৃষককে পিএম কৃষানে রেজিস্ট্রেশন করায়নি। কৃষকদের বঞ্চিত করা হয়েছে। কৃষক বন্ধু পেতেও নানা শর্ত পালন করতে হয়। তৃণমূল রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু বলেন, চাষি মাত্রই কৃষক বন্ধু পান। বিজেপি সরকারে এমন ভাবে প্রকল্পের শর্ত রাখে, যাতে খুব কম কৃষক আর্থিক সুবিধা পেতে পারেন।