


নয়াদিল্লি: জাতীয় দলের কোচের জন্য ইতিমধ্যেই তিনজনের নাম বাছাই করেছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। খালিদ জামিল, স্টিফেন কনস্টানটাইন ছাড়াও রয়েছেন স্লোভাকিয়ার স্টেফান টারকোভিচ। ফেডারেশনের কার্যকরী সমিতির বৈঠকেই চিফ কোচ বেছে নেবেন কর্তারা। সূত্রের খবর, আগস্টের শুরুতেই নতুন কোচের নাম ঘোষণা করা হতে পারে। স্প্যানিশ কোচ মানোলো মার্কুয়েজের বিদায়ের পর অনেক নামজাদা কোচই আবেদন করেন। কিন্তু ফেডারেশনের হাল খারাপ। সস্তায় পুষ্টিকর হিসেবে লো বাজেটের কোচই পছন্দ।
এদিকে, শোনা গিয়েছিল বার্সেলোনার প্রাক্তন কোচ জার্ভি হার্নান্ডেজ ভারতের কোচ হতে উৎসাহী। তিনি ই-মেলও পাঠান। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই নয়া টুইস্ট। জানা গিয়েছে ইনি সেই জাভি হার্নান্ডেজ নন। সম্ভবত মশকরা করেই কেউ এমন কাণ্ড ঘটিয়েছে। সত্যিই যত কাণ্ড ফেডারেশনে। মান, মর্যাদা তলানিতে। নিজেদের হাসির পাত্র বানাচ্ছে সর্বভারতীয় ফুটবল সংস্থা।