


জয়পুর, ১৪ অক্টোবর: মাঝ আকাশে বিপদের বার্তা এলো বিমান থেকে। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এ আই ২০৩০ ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লি আসছিল। হঠাৎ সেই বিমান থেকে ‘স্কোয়াক-৭৫০০’ সংকেত এসে পৌঁছায় আহমেদাবাদ এটিসিতে। আর এরপরই শুরু হয়ে যায় চূড়ান্ত তৎপরতা। তড়িঘড়ি বিমানটিকে জরুরি অবতরণ করান হয় জয়পুর এয়ারপোর্টে।
‘স্কোয়াক ৭৫০০’ কোডটি মূলত কেউ যদি বিমান হাইজ্যাকের চেষ্টা করে তখন পাইলট গোপনে ট্রাফিক কন্ট্রোলকে এই কোডটি পাঠিয়ে সচেতন করেন। আর আজ দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান থেকে এই জরুরী সংকেত আসার সঙ্গে সঙ্গেই তৈরি হয় আতঙ্ক। রটে যায় বিমানে বোমা রাখা আছে।
জরুরি অবতরণের পর যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়। এরপর বিমানটিকে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় আইসোলেশন বেতে। বিমানটি ফ্রাঙ্কফুর্ট থেকে স্থানীয় সময় ১৩ই অক্টোবর রাত পৌনে দশটার সময় দিল্লির উদ্দেশ্যে রওনা হয়। দিল্লিতে পৌঁছানোর কথা ছিল আজ সকাল দশটা চল্লিশে। তদন্ত শুরু করেছে এটিসি সহ একাধিক কেন্দ্রীয় এজেন্সি।
৩০ সেপ্টেম্বর, ফ্লাই দুবাইএর তেল আভিভগামী বিমান হাইজ্যাকের চেষ্টা করে অন্যতম পাইলট। অপর ভারতীয় পাইলটের তৎপরতায় সেই বিমান হাইজ্যাকের পরিকল্পনা বানচাল হয়। তারপর ফের আজ এয়ার ইন্ডিয়ার ঘটনা প্রশ্ন তুলছে আকাশ পথে যাত্রী নিরাপত্তা নিয়ে।