


নয়াদিল্লি: ফের বিতর্কে এয়ার ইন্ডিয়া। সুইত্জারল্যান্ডের জুরিখ বিমানবন্দরে অ্যালকোহল টেস্টে ফেল করলেন এয়ার ইন্ডিয়ার এক পাইলট। গত ৬ সেপ্টেম্বর জুরিখ থেকে দিল্লিগামী বিমানে সহকারী হিসাবে দায়িত্ব নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু অ্যালকোহল টেস্টে ফেল করার পর ওই পাইলটকে আর ডিউটিতে রাখা হয়নি। ওই বিমানেই সাধারণ যাত্রী হিসাবে তাঁকে ভারতে নিয়ে আসা হয়। পরে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। এর আগে গাঁজা সেবন করে বিমান চালানোর অভিযোগ ওঠে এয়ার ইন্ডিয়ার পাইলটের ওঠে। ওই বিমানটি ফুকেট থেকে দিল্লি আসছিল। ওড়িশার আকাশে বিমানটি হঠাত্ করে ৩০০ ফুট নেমে আসায় আহত হন অন্তত ২০ জন যাত্রী। তারপরই পাইলটের গাঁজা সেবন করে বিমান চালানোর বিষয়টি প্রকাশ্যে আসে।
এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, জুরিখ বিমানবন্দরে ওই পাইলটের অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়। তিনি মদ্যপান করেছেন সন্দেহ করে অ্যালকোহল টেস্ট করতেই ফলাফল পজিটিভ আসে। তবে নিশ্চিত হওয়ার জন্য নিয়ম অনুযায়ী দ্বিতীয়বার মেডিকেল পরীক্ষা করা হয়েছে। সেই পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি। চূড়ান্ত মেডিকেল রিপোর্ট না আসা পর্যন্ত ওই পাইলটকে সাসপেন্ড করা হয়েছে। এই ঘটনায় জুরিখ থেকে দিল্লিগামী বিমানটি সময়ে টেক অফ করতে পারেনি। পরের দিন সেটি দিল্লির উদ্দেশে রওনা দেয়। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যাত্রীদের সুরক্ষার সঙ্গে কোনো আপস করবে না। সংস্থার কোনো কর্মী নিয়ম ভাঙলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।