


নয়াদিল্লি: বড় সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার। নয়াদিল্লি থেকে ওয়াশিংটন ডিসি পর্যন্ত সরাসরি উড়ান পরিষেবা বন্ধ করল এই বিমান সংস্থাটি। এয়ার ইন্ডিয়ার তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, পরিষেবাগত কারণে আগামী ১ সেপ্টেম্বর থেকে এই রুটে সরাসরি কোনও বিমান চলবে না। গত মাসে এয়ার ইন্ডিয়ার একাধিক বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানের আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে। ফলে সব রুটে চালানোর মতো পর্যাপ্ত বিমান হাতে নেই সংস্থার। সেই কারণেই এই সিদ্ধান্ত। উল্লেখ্য, মাসদুয়েক আগে একটি লন্ডনগামী ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান আমেদাবাদে ভেঙে পড়ে। তার পরেই এই বিশেষ বিমানের আধুনিকীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যাত্রীস্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে গত মাসে ২৬টি ৭৮৭-৮ ড্রিমলাইনার আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে। ২০২৬ সালের শেষ পর্বের আগে তা পাওয়া যাবে না। ফলে এই মুহূর্তে সংস্থার হাতে যথেষ্ট সংখ্যক বিমান নেই। পাশাপাশি পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকার ফলে বিমানগুলিকে অনেকটা বেশি রাস্তা পাড়ি দিতে হচ্ছে। যার জেরে বিমান পরিষেবা চালু রাখা অত্যন্ত জটিল হয়ে উঠেছে। সেই কারণেই এই সিদ্ধান্ত।
এর পরেই প্রশ্ন উঠেছে, যে সমস্ত যাত্রী ১ সেপ্টেম্বরের পরে ওয়াশিংটনে যাওয়া বা ওয়াশিংটন থেকে দেশে ফেরার টিকিট বুক করেছেন, তাঁদের কী হবে? এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা বা বুকিংয়ের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরাসরি উড়ান বন্ধ হলেও ওয়াশিংটনে পৌঁছনোর জন্য ‘ওয়ান স্টপ’ পরিষেবা চালু থাকছে। অর্থাৎ নিউ ইয়র্ক, শিকাগো, নেওয়ার্ক বা সান ফ্রান্সিসকো থেকে এয়ার ইন্ডিয়ার সহযোগী সংস্থা আলাস্কা এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স ও ডেল্টা এয়ারলাইন্সের মাধ্যমে যাত্রীরা ওয়াশিংটন ডিসিতে পৌঁছতে পারবেন।