


শ্রীনগর, ৩ আগস্ট: বিমানবন্দরে কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ। ভাঙল চোয়াল, মেরুদণ্ড। বর্তমানে জখমদের শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ বলেই জানা যাচ্ছে। ঘটনাটি ঘটেছে শ্রীনগর বিমানবন্দরে। সূত্রের খবর, এয়ারপোর্টে দিল্লিগামী ফ্লাইট ধরতে আসেন এক রীতেশ কুমার শর্মা নামের এক ব্যক্তি। তিনি অনুমোদিত ওজনের থেকে বেশি ওজনের কেবিন লাগেজ বহন করছিলেন বলে অভিযোগ। স্বাভাবিকভাবেই এর জন্য তাঁকে অতিরিক্ত অর্থ দিতে বলেন স্পাইস জেটের কর্মীরা। আর তাতেই বেজায় খেপে যান অভিযুক্ত। রাগের চোটে বিমান সংস্থার কর্মীদের সজোরে লাথি, ঘুসি মারতে শুরু করেন। মারের চোটে একজন অজ্ঞান হয়ে পড়ে যান। অন্যজনরা ছুটে এলে তাঁরাও ওই ব্যক্তির রোষের মুখে পড়েন। নাকে-মুখে ঘুসির আঘাতে রক্তক্ষরণ শুরু হয় অন্যদের। এমনকী সেখানে থাকা একটি সাইনবোর্ড তুলেও তাঁদের বেদম পেটানো হয় বলে অভিযোগ। জখমদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আহত চারজন কর্মীরই শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। বিমান সংস্থার পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, এক কর্মীর মেরুদণ্ড ভেঙে গিয়েছে। একজন চোয়ালে গুরুতর আঘাত পেয়েছেন। মারের চোটে অন্যদের নাক-মুখ ফেটে রক্তক্ষরণ হয়েছে।
জানা যাচ্ছে, অভিযুক্ত ওই ব্যক্তি একজন সেনা কর্মী। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। স্থানীয় থানায় অভিযুক্তের নামে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। ঘটনাটি খতিয়ে দেখতে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া আবেদন জানিয়েছে স্পাইস জেট বিমান সংস্থাও। তবে অভিযুক্ত ওই ব্যক্তি শাস্তি পেয়েছেন কী না তা এখনও পর্যন্ত জানা যায়নি।