


সংবাদদাতা, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের গোপীবল্লভপুর বিধানসভার ধানঘোরি গ্রাম পঞ্চায়েতে প্রচারে ব্যাপক সাড়া পেলেন তৃণমূল প্রার্থী অজিত মাহাতো। গত শনিবার একদিনে এই বিধানসভার ৪টি গ্রাম পঞ্চায়েতে তিনি প্রচার করেন। ঘড়ির কাঁটায় তখন সকাল সাড়ে ৯টা। তিনি পৌঁছলেন খাড়বাঁধি এলাকায়। চৈনিশোল থেকে শুরু হল পদযাত্রা। পদযাত্রায় শামিল শয়ে শ›য়ে কর্মী সমর্থক। সারি বেঁধে তৃণমূল পতাকা হাতে এগিয়ে চলল পদযাত্রা। বেলা ১১টা নাগাদ তিনি পৌঁছলেন সাঁকরাইল ব্লকের ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ধানঘোরিতে। কুঁয়োরদা থেকে শুরু হল পদযাত্রা। শামিল হলেন কয়েক হাজার মহিলা। এখানে অজিতবাবুকে শঙ্খধ্বনি করে, মালা পরিয়ে বরণ করে নিলেন সৌমিত্র মাইতি, ছন্দা মুর্মু , সুমিত্রা দাস সহ একঝাঁক মানুষ। অজিতের প্রচার পদযাত্রায় শামিল তৃণমূল নেতা স্বপন পাত্র, তৃণমূলের সাঁকরাইল ব্লক সভাপতি কমলকান্ত রাউত সহ এলাকার সমস্ত গ্রাম পঞ্চায়েত সদস্য ও বুথ সভাপতিরা। জমজমাট পথযাত্রা এগিয়ে চলল প্রায় দুই কিলোমিটার। এখানে প্রচার সেরে অজিতবাবু কয়েকশো মোটর সাইকেলের র্যালি নিয়ে প্রচারে ঢুকলেন চন্দ্রি গ্রাম পঞ্চায়েতে। রাস্তাজুড়ে শুধুই আওয়াজ, ‘জয় বাংলা, তৃণমূল জিন্দাবাদ, মা মাটি মানুষের সরকার জিন্দাবাদ।’ চন্দ্রিতে মোটর সাইকেল র্যালিতে শামিল ছিলেন প্রাক্তন মন্ত্রী চূড়ামণি মাহাতো সহ তৃণমূলের ঝাড়গ্রাম ব্লক নেতৃত্ব। বিকেল ঘনিয়ে আসছে। চন্দ্রিতে মোটর সাইকেল র্যালি শেষ করে অজিতবাবু পৌঁছলেন বেলিয়াবেড়ায়। এখানে তাঁর সঙ্গে পদযাত্রায় শামিল হলেন তৃণমূলের জেলা চেয়ারম্যান তথা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ বীরবাহা সরেন টুডু। নেতারা হাতে হাত মিলিয়ে সবাই পদযাত্রায় শামিল। সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই লোধাশুলি দলীয় কার্যালয় পৌঁছে ব্লক নেতৃত্বের সঙ্গে পুনরায় তিনি আলোচনায় বসেন। এদিন তৃণমূল প্রার্থী অজিত মাহাতো বলেন, গোপীবল্লভপুর বিধানসভা এলাকায় প্রচারে এসে যেভাবে মানুষের আশীর্বাদ ও ভালোবাসা পাচ্ছি। এই কেন্দ্রে এবারে ব্যাপক ভোটে আমি জিতব। এই জয় শুধু আমার নয়। এই জয় গোপীবল্লভপুরবাসীর জয় হবে। এই জয় মা মাটি মানুষের সরকারের জয় হবে। গোপীবল্লভপুরের মানুষ পাশে দাঁড়িয়ে বুঝিয়ে দিচ্ছেন, তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গেই রয়েছেন। এই এলাকার মানুষ চান, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হন। গোপীবল্লভপুরে তৃণমূল প্রার্থী অজিত মাহাতোর প্রচারে বাবুল সুপ্রিয়ো।-নিজস্ব চিত্র