


নয়াদিল্লি: কী কারণে ভেঙে পড়েছিল মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান। সামনে এল প্রাথমিক তদন্ত রিপোর্ট। অবতরণের সময় দৃশ্যমানতার প্রয়োজন অন্তত পাঁচ কিলোমিটার। বারামতীর ওই অভিশপ্ত এয়ারফিল্ডে মাত্র ৩ কিলোমিটারই দেখা গিয়েছিল। তার সঙ্গে প্রযুক্তি সংক্রান্ত গাফিলতি তো রয়েছেই। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় মৃত্যু নিয়ে এমনই তথ্য সামনে এসেছে। তদন্ত রিপোর্টে বলা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, অবতরণের সময় আবহাওয়া কেমন রয়েছে, তা পরিমাপের কোনও ব্যবস্থাই বারামতীতে নেই। স্যাটালাইটের ছবিতে দেখা গিয়েছে, ঘটনার সময় বারামতী এয়ারফিল্ড কুয়াশার চাদরে মোড়া ছিল। দুর্ঘটনার আগে মাত্র কুড়ি মিনিটেই দৃশ্যমানতা কমে ২ কিলোমিটারে নেমে আসে। সব মিলিয়ে বারামতী এয়ারফিল্ডে যথাযথ সুরক্ষার অভাবেই অজিত পাওয়ারের বিমান ভেঙে পড়ে বলে ওই রিপোর্টে স্পষ্ট করা হয়েছে।
সূত্রের খবর, শেষ মুহূর্তে পাইলটদের ককপিটে কী কথাবার্তা হয়েছিল, তা এখনও উদ্ধার করা যায়নি। দুর্ঘটনায় অত্যধিক উত্তাপে রেকর্ডার নষ্ট হয়ে গিয়েছে। কাজেই সেই তথ্য পেলে ঠিক কী কারণে বিমান ভেঙে পড়েছিল বা পাইলট ও ফার্স্ট অফিসারের মধ্যে শেষ মুহূর্তে কী কথা হয়েছিল, তা জানা যাবে।