


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেকেআরের পেস বিভাগে শনির দশা কিছুতেই কাটছে না। হর্ষিত রানার পর এবার ছিটকে গেলেন আকাশদীপও। নাইটদের এক শীর্ষকর্তা খবরটি নিশ্চিত করেছেন সংবাদমাধ্যমে। তিনি জানিয়েছেন, ‘চোটের জন্য আকাশদীপকে পুরো মরশুমেই পাওয়া যাবে না। এটা খুবই দুর্ভাগ্যজনক।’ একের পর এক ধাক্কায় রীতিমতো অথৈ জলে কলকাতা নাইট রাইডার্স। বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে আগেই ছেড়ে দিতে হয়েছে। চোটের তালিকায় থাকা শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানা কবে শিবিরে যোগ দেবেন, ঠিক নেই। তার উপর হর্ষিতের সঙ্গে আকাশদীপেরও ছিটকে যাওয়া! যা পরিস্থিতি তাতে শুরুর দিকে ব্লেসিং মুজারাবানি, উমরান মালিক ও কার্তিক ত্যাগীর মতো জুনিয়ররাই ভরসা বেগুনি জার্সিধারিদের।
এবারের মিনি নিলামে ১ কোটি টাকায় আকাশদীপকে দলে নিয়েছিল কেকেআর। তবে ১৮ মার্চ অজিঙ্কা রাহানেরা প্র্যাকটিস শুরু করলেও শিবিরে যোগ দেননি এই ডানহাতি পেসার। জানা যায়, ঘরোয়া ক্রিকেটে খেলার সময় চোট পেয়েছিলেন তিনি। বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে রিহ্যাব চলাকালীন চোটের জায়গায় ফের ব্যথা শুরু হয়। তার জেরে আইপিএল থেকে ছিটকেই গেলেন আকাশদীপ। যদিও কেকেআরের পক্ষ থেকে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। উল্লেখ্য, বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলার সুবাদে ইডেনের প্রতিটি ঘাস চেনা আকাশদীপের। তাছাড়া আইপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার অভিজ্ঞতাও রয়েছে। তাঁর ছিটকে যাওয়া আক্ষরিক অর্থেই বড় ধাক্কা।