


নয়াদিল্লি: ইন্ডিয়া শিবিরের নেতৃত্বকে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। বুধবার সেখানে দেখা যায়নি সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবকে। মঙ্গলবারও তাঁর দল পৃথকভাবে বিক্ষোভ মিছিল করেছিল। এই দুই ঘটনার পরই প্রশ্ন উঠছে, তাহলে কি ইন্ডিয়া শিবিরে ভাঙন দেখা দিল? সেকারণেই কি দূরত্ব বজায় রাখছেন অখিলেশ? বিষয়টি অন্যান্য বিরোধী দলের নেতৃত্বের নজর এড়ায়নি। তাঁরা জনপথের সাগররত্না রেস্তরাঁয় আয়োজিত মধ্যাহ্নভোজে এসে অখিলেশের ব্যাপারে খোঁজখবর নিয়েছেন। জল্পনা তৈরি হতেই ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন সমাজবাদী পার্টির নেতা উদয়বীর সিং। তিনি জানিয়েছেন, রাজ্যসভার নির্বাচন রয়েছে। মঙ্গলবার রাতে দিল্লি থেকে উত্তরপ্রদেশে ফিরে এসেছেন অখিলেশ। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক সপা নেতা ক্ষোভ আড়াল করেননি। জানিয়েছেন, কংগ্রেসের তরফে যথাযথভাবে আমন্ত্রণ জানানো হয়নি। অনেক রাতে দলের সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। সন্ধ্যাতেই অনেকে ফিরে গিয়েছেন। খাড়্গেজি একটা ফোন করে দিলেই হতো।