


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নাওরেম মহেশ সিংকে নিয়ে আশঙ্কাই সত্যি হল। চোটের কারণে আইএসএল থেকে ছিটকে গেলেন ইস্ট বেঙ্গলের অভিজ্ঞ ফুটবলার। চেন্নাইয়ানের বিরুদ্ধে হাঁটুতে চোট পেয়েছিলেন মহেশ। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়েন। উল্লেখ্য, হাঁটুর চোটের কারণেই আইএসএলের শুরুতে তাঁকে পাননি অস্কার। ফিট হওয়ার পর ফের একই জায়গায় আঘাত পান তিনি। মহেশের দ্রুত সুস্থতা কামনা করে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এদিন বিবৃতিও দেওয়া হয়েছে। তাঁর অনুপস্থিতি নিঃসন্দেহে বড় ধাক্কা। বৃহস্পতিবার যুবভারতীতে অস্কার ব্রিগেডের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। রায়ান উইলিয়ামস, আশিক কুরুনিয়ানরা চ্যালেঞ্জ ছুড়তে তৈরি। কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে লাল কার্ড দেখায় তাদের বিদেশি মিডফিল্ডার স্যাঞ্চেজ নেই। তবে রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ বেঙ্গালুরু। ইতিমধ্যেই সিদ্ধান্ত পুর্নবিবেচনার জন্য ফেডারেশনের কাছে আবেদন করেছে তারা। পাশাপাশি বৃহস্পতিবার যুবভারতীতে ইস্ট বেঙ্গল বনাম বেঙ্গালুরু ম্যাচের জন্য ১৭ হাজার টিকিট ছাড়া হচ্ছে। নির্বাচন আসন্ন। বাড়তি পুলিশ পাওয়া সমস্যার। তাই নিরাপত্তার প্রশ্নেই এমন সিদ্ধান্ত প্রশাসনের।
এদিকে, চোট সমস্যায় চিন্তিত মোহন বাগানও। আলবার্তো রডরিগেজকে নিয়ে প্রবল উদ্বেগে মোহন বাগান। গোড়ালিতে পুরু ট্যাপিং। একহাতে ক্রাচ নিয়ে গাড়িতে উঠলেন আলবার্তো। পাঞ্জাবের বিরুদ্ধে চোট পাওয়ায় ১৯ মিনিটে শুরুতেই তুলে নিতে হয় তাঁকে। পরের নর্থ ইস্ট ম্যাচে কোনোভাবেই নেই তিনি। তবে স্বস্তির বিষয় এরপর ফের ৯ মে মাঠে নামবে লোবেরা ব্রিগেড। ফাতোরদায় এফসি গোয়ার বিরুদ্ধে আলবার্তোকে পেতে মরিয়া টিম ম্যানেজমেন্ট। ধোঁয়াশা রয়েছে আপুইয়াকে নিয়েও। অনুশীলনে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। যুবভারতীতে পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে পারেননি মিজো ফুটবলার। সবেমাত্র রিহ্যাব শুরু করেছেন। আরও দু’দিন দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান লোবেরা। প্রতিপক্ষ নর্থ ইস্ট কতটা ওজনদার? পেড্রো বেনালির দল একেবারেই ছন্দহীন। দুর্বল স্পোর্টিং দিল্লিও হারিয়েছে তাদের। আলেদাইনরা ছাড়ার পর দল ফের তৈরি করতে ব্যর্থ বেনালি।