


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী উৎসব মরশুমকে সামনে রেখে মঙ্গলবার পদস্থ আধিকারিক এবং প্রতিটি পুরসভা কর্তৃপক্ষের সঙ্গে পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সূত্রের খবর, এদিনের বৈঠকে নানা ইস্যু নিয়ে আলোচনার মধ্যে প্রাধান্য পেয়েছে ১২৮টি পুর এলাকায় রাস্তা মেরামতির কাজ। ১০ অক্টোবরের মধ্যে রাজ্যজুড়ে এই কাজ শেষ করার সময়সীমা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে এদিনের বৈঠকে প্রতিটি পুর এলাকায় নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন পুরমন্ত্রী।
তবে এদিনের বৈঠকে দেখা গিয়েছে, মেরামতি সংক্রান্ত প্রস্তাব এখনো কোনো কোনো পুরসভা জমাই দেয়নি রাজ্যকে। দুপুরে প্রায় তিনঘণ্টার বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে পুরসভাগুলির সঙ্গে কথা বলেন মন্ত্রী। সকলের প্রস্তাব শীঘ্রই জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। একইসঙ্গে রাস্তা তৈরির প্রশাসনিক এবং আর্থিক ছাড়পত্র দ্রুত প্রদানেও রাজ্যস্তরে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি।
তবে যেসব রাস্তা মেরামতির ছাড়পত্র ইতিমধ্যেই দেওয়া হয়েছে, তার কাজও যাতে নির্দিষ্ট সময়ে সম্পন্ন হয়, সেদিকে নজর দিতে বলেছেন অগ্নিমিত্রা পাল। আবার, বেশকিছু প্রস্তাব রয়েছে যাচাই এবং অনুমোদন স্তরে। এই পর্ব দ্রুত শেষ করতে বলেছেন মন্ত্রী।
‘অম্রুত’ প্রকল্পের অধীনে পানীয় জল সরবারহ এবং পুকুর সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাও দ্রুত শেষ করার নির্দেশ এদিন দেওয়া
হয়েছে। একইসঙ্গে পথনিরাপত্তা নিয়েও পুরসভাগুলিকে সতর্কতামূলক পদক্ষেপ করতে বলেছেন মন্ত্রী। -ফাইল চিত্র