


মুম্বই: পশ্চিম এশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে ভূ-রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। তার জেরে সর্বকালীন রেকর্ড পতন টাকার দরে। ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রার দাম ৯৩ টাকার নীচে নেমে গেল। শুক্রবার নতুন করে ধস নামায় টাকার অবমূল্যায়ন হয়েছে প্রায় ১ শতাংশ বা ৮২ পয়সা। দিনের শেষে এক ডলারের দাম দাঁড়িয়েছে ৯৩ টাকা ৭১ পয়সা। অর্থাৎ, ৯৪-এর গণ্ডি ছুঁইছুঁই । নেপথ্যে জোড়া ফ্যাক্টর। যুদ্ধের আবহে অশোধিত তেলের দামবৃদ্ধি ও নাগাড়ে বিদেশি বিনিয়োগ প্রত্যাহার। তবে টাকার দরে নজিরবিহীন পতনের মধ্যেই এদিন কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে শেয়ার বাজার। একদিন আগেই দালাল স্ট্রিটে রক্তক্ষরণের জেরে এক ধাক্কায় ১২ লক্ষ কোটি টাকা উবে গিয়েছিল। শুক্রবার শেয়ার সূচকের সামান্য উন্নতিতে সাময়িক স্বস্তি পেয়েছেন বিনিয়োগকারীরা। সেনসেক্স ও নিফটি—দুই সূচকই দিনের শেষে প্রায় ০.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ভূ-রাজনৈতিক অস্থিরতার জেরে যেভাবে জ্বালানির দাম বেড়েছে তাতে একদিকে বাণিজ্য ঘাটতি বাড়তে পারে, অন্যদিকে মুদ্রাস্ফীতির আশঙ্কা প্রবল। এই জোড়া চাপেই টাকা আরও দুর্বল হয়েছে। শুক্রবার দিনের শুরুতে ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রার দাম ছিল ৯২ টাকা ৯২ পয়সা। বিগত কয়েক দিনের মতো ধস বজায় থাকায় এদিন আরও ৮২ পয়সা নিম্নমুখী হয়েছে। পতনের নয়া রেকর্ড গড়ে ভারতীয় মুদ্রার দাম এই প্রথম ৯৩ টাকায় নেমে গিয়েছে।
টাকার দরে রক্তক্ষরণ অব্যাহত থাকলেও শুক্রবার শেয়ার বাজারে ইতিবাচক প্রবণতা আশা জাগিয়েছে। গতকালের বিশাল ধাক্কার পর শুক্রবার বিএসই সেনসেক্স ৩২৫.৭২ পয়েন্ট (০.৪৪ শতাংশ) বৃদ্ধি পেয়েছে। দিনের শেষে এই শেয়ার সূচক দাঁড়িয়েছে ৭৪ হাজার ৫৩২.৯৬ পয়েন্টে। একইভাবে উন্নতির লক্ষণ মিলেছে এনএসই নিফটিতেও। ১১২.৩৫ পয়েন্ট (০.৪৯ শতাংশ) বৃদ্ধি পেয়ে দিনের শেষে এই সূচক দাঁড়িয়েছে ২৩ হাজার ১১৪.৫০ পয়েন্টে।