


নিজস্ব প্রতিনিধি, বরানগর: পাঁচ বছর আগে অন্যের বাড়ি গায়ের জোরে দখল করার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগে গ্রেপ্তার হলেন নৈহাটির আইএনটিটিইউসি সভাপতি বিষ্ণু অধিকারীর স্ত্রী ঈশানী সরকার অধিকারী। রবিবার তাঁকে বারাকপুর আদালতে পেশ করে নৈহাটি থানার পুলিশ। এই মামলায় বিষ্ণু সহ মোট আটজন অভিযুক্ত। নৈহাটির বাসিন্দা শান্তা চক্রবর্তী। ২০২১ সালের নভেম্বর মাসে তিনি নৈহাটি থানায় বাড়ি দখলের লিখিত অভিযোগ করেছিলেন। তাতে তিনি বলেছিলেন, তাঁর বাড়ি ২৫ লক্ষ টাকায় কেনার কথা বলেছিলেন ঈশানী সরকার অধিকারী। কিন্তু রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঈশানীদেবী ও তাঁর স্বামী দুষ্কৃতী বাহিনী এনে জোর করে বাড়ি দখল করেছিলেন। তিনি ঈশানীদেবী সহ আটজনের বিরুদ্ধে নৈহাটি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু সেই সময় পুলিশ কোনো পদক্ষেপ করেনি। রাজ্যে সরকার পরিবর্তন হতেই নতুন করে মামলা চালু হয়। এরপর নৈহাটি থানার পুলিশ ঈশানী সরকার অধিকারীকে গ্রেপ্তার করে। যদিও রাজ্যে পালাবদলের পর থেকে বেপাত্তা বিষ্ণু। তাঁর খোঁজেও পুলিশ তল্লাশি শুরু করেছে। প্রসঙ্গত, নৈহাটিতে এর আগেও পুরনো মামলায় প্রাক্তন বিধায়ক সনৎ দে সহ একাধিক তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছেন।