


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাউথ পয়েন্ট স্কুলে সহপাঠীকে ছুরি দিয়ে হামলার অভিযোগ। সামান্য বই ছেঁড়া নিয়ে বচসা! যা কিনা গড়ায় একেবারে রক্তারক্তিতে। স্কুলের এক ছাত্রের উপর বক্স-কাটার দিয়ে হামলার অভিযোগ নবম শ্রেণির আরেক এক ছাত্রের বিরুদ্ধে। গলায় আঘাত লেগেছে সেই ছাত্রের। তাকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে বর্তমানে স্থিতিশীল রয়েছে ওই ছাত্র।
পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে গড়িয়াহাট থানার পুলিশ। কীভাবে এই গোটা ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। কেন সহপাঠীর উপর এ ধরনের আক্রমণ? অন্য কোনো কারণ রয়েছে কি না সে বিষয়েও জানতে চাইছে পুলিশ। তবে স্কুলের মধ্যে এই ধরনের ঘটনায় ভীত অভিভাবকরা। তাঁরা প্রশ্ন তুলছেন স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে।