


সংবাদদাতা, মানকর: মৃত শ্রমিকের পরিবারের জন্য বরাদ্দ ক্ষতিপূরণের অর্থ আত্মসাতের অভিযোগে তৃণমূল পরিচালিত গলসি-১ ব্লকের চাকতেঁতুল গ্রাম পঞ্চায়েতের প্রধান অনুপ মেটেকে বুদবুদ থানার পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার বুদবুদ থানা থেকে অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময় ‘চোর’, ‘চোর’ স্লোগানও ওঠে। এদিকে এই গ্রেপ্তারি প্রসঙ্গে গলসির পদ্ম বিধায়ক রাজু পাত্র বলেন, দুর্নীতির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। দুর্নীতিবাজদের অবশ্যই জনগণের কষ্টার্জিত টাকা ফিরিয়ে দিতে হবে।চাকতেঁতুল পঞ্চায়েত গলসি বিধানসভার অন্তর্গত। অভিযোগ, পদের জোরে এলাকায় একাধিক অনৈতিক কাজ করেছেন ওই প্রধান। তোলাবাজি, বালি মাফিয়াদের সঙ্গে আঁতাত থেকে আবাস প্রকল্পে কারচুপি এবং সরকারি তহবিল তছরুপ করেছেন ওই তৃণমূল নেতা। তবে সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ হল, এক শ্রমিকের মৃত্যুর পর তাঁর পরিবারের জন্য বরাদ্দ ক্ষতিপূরণের অর্থ থেকে প্রধান এবং তার ঘনিষ্ঠ সহযোগীরা একটি বড় অংকের টাকা নিয়েছিলেন। ওই পরিবার সেই অর্থ পায়নি। সেই অভিযোগ পাওয়ার পর বুদবুদ থানার পুলিশ প্রধানকে গ্রেপ্তার করে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক ব্যক্তি বলেন, প্রধান বালির কারবার করে ফুলেফঁপে উঠেছিলেন। অবৈধ বালি পাচার চক্রের অন্যতম মূল পান্ডা প্রধান। কোন ঘাটে কার গাড়ি চলবে, উনিই ঠিক করতেন। তাছাড়া ভুয়ো জব কার্ড করে গরিব মানুষের টাকা আত্মসাৎ করেছেন। এলাকার কেউ কোনোদিন প্রতিবাদ করতে পারেনি। ওঁর দলবল গরিব মানুষকে নানাভাবে ভয় দেখাত। প্রতিবাদ করলে খুনের হুমকিও দিত। এদিন থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় বুদবুদে হাজির হন বিজেপি কর্মী, সমর্থকরা। তাঁরা সবাই অভিযোগ করে বলেন, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার সময় পুলিশ তাঁদের জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে ওই প্রধানের আইন মেনে কড়া শাস্তি চাই। প্রধান মরা মানুষকেও ছাড়েননি! সেখান থেকেও কাটমানি খেয়েছে। নিজস্ব চিত্র