


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পোস্তায় বেসরকারি সংস্থার অফিসে এক কোটি টাকা ডাকাতির অভিযোগ উঠেছে। বুধবার বিকালে চার দুষ্কৃতী সেখানে এসে অফিসের সকলকে গান পয়েন্টে নিয়ে টাকা নিয়ে চম্পট দেয়। যাওয়ার আগে তারা শূন্যে গুলি ছোড়ে বলে দাবি কর্মীদের। ঘটনার তদন্ত শুরু করেছে পোস্তা থানা। অফিসে থাকা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সেখানকার কর্মীদের সঙ্গে কথা বলছে পুলিশ। বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এল জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পোস্তা এলাকার কটন স্ট্রিটে ওই বেসরকারি সংস্থার অফিস। তাদের একাধিক ব্যবসা রয়েছে। প্রতিদিন কোটি টাকার উপর লেনদেন হয়। সংস্থার মালিক লিখিত অভিযোগে জানিয়েছেন, বুধবার দুপুরে সেখানে হানা দেয় চারজনের দুষ্কৃতী দল। তাদের সকলের হাতে ছিল আগ্নেয়াস্ত্র। মুখ ঢাকা ছিল। তারা হিন্দিতে কথা বলছিল। অফিসে ঢুকেই গেট বন্ধ করে দেয়। অভিযোগ, মালিকসহ কর্মীদের মাথায় বন্দুক ঠেকায়। কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁদের সকলকে মারধর করে দুষ্কৃতীরা। এরপর সকলকে বেঁধে দেয়। দুষ্কৃতীরা অফিসে থাকা নগদ এক কোটি টাকার বেশি ডাকাতি করে। যাওয়ার আগে বাইরে থেকে গেটের শিকল টেনে নিয়ে যায়। নিয়ে যায় মোবাইল ফোন। অভিযোগে এও উল্লেখ করা হয়েছে পালানোর সময় তারা শূন্যে গুলিও ছোড়ে। যদিও গুলি চলার কোনো প্রমাণ পুলিশ পায়নি। দুষ্কৃতীরা চলে যাওয়ার পর কর্মীরা বাঁধন খোলেন। তাঁদের চিৎকারে পাশের অফিসের কর্মীরা এসে গেট খোলেন। এরপরই পোস্তা থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান। থানা ও গোয়েন্দা বিভাগের টিম ঘটনাস্থলে গিয়েছে তদন্ত শুরু করেছে।
তদন্তে নেমে বেশকিছু বিষয় ভাবাচ্ছে তদন্তকারীদের। কটন স্ট্রিটের মতো ঘিঞ্জি এলাকায় কীভাবে এতবড় ডাকাতি সম্ভব হল? মালিক ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই বিপুল পরিমাণ টাকা কীভাবে অফিসে এল, তা নিয়ে সন্দেহ রয়েছে। তদন্তকারীদের অনুমান, এই অফিস থেকে হাওলার কারবার চলতে পারে। হাওলার টাকা ডাকাতি হয়েছে কি না, সেটা দেখা হচ্ছে। সেক্ষেত্রে টাকার অঙ্ক আরও বেশি হবে বলে ধারণা করছেন তদন্তকারীরা।