


নিজস্ব প্রতিনিধি, বরানগর: বিজয়া সম্মিলনির মঞ্চে এসআইআর নিয়ে সরব হয়েছিলেন বরানগরের বিধায়িকা। এরপর তাঁর রাজনৈতিক বক্তব্যকে এক সংবাদমাধ্যমের নাম করে বিকৃত আকারে পেশ করা হয়েছে সমাজমাধ্যমে। যা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ইতিমধ্যে শাসক দলের তরফে বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত করে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
সম্প্রতি, বরানগরের বিজয়া সম্মিলনিতে সায়ন্তিকা বলেছিলেন, এসআইআরের নাম করে একজনও প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া হলে, বাংলার মানুষ গর্জে উঠবে। এর পাল্টা হিসেবে সাংবাদিক সম্মেলন করেছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। এনিয়ে রাজনৈতিক তাপ-উত্তাপ তৈরি হয়েছিল। কিন্তু মঙ্গলবার রাত থেকে এক বৈদ্যুতিন চ্যানেলের নাম ব্যবহার করে সায়ন্তিকাদেবীর বক্তব্য অশ্লীলভাবে বিকৃত করে সমাজমাধ্যমে ভাইরাল করা হয়। সেখানে ছাপার অযোগ্য ভাষায় বিধায়ককে আক্রমণ করা হয়েছে। সায়ন্তিকা বলেন, ‘কোটি কোটি টাকা খরচে বিজেপির আইটি সেল এই ধরনের নোংরামি করছে। এটাই বিজেপির আসল চরিত্র।’ উত্তর শহরতলির বিজেপি সভাপতি চন্ডীচরণ রায় বলেন, ‘আমরা এর বিরুদ্ধে। তাই এই ঘটনায় বিজেপির নাম জড়িয়ে দেওয়া ভিত্তিহীন।’