


সংবাদদাতা, রামপুরহাট: প্রথমে পরিচয়। সেখান থেকে বন্ধুত্ব। এরপর মাদক মেশানো ঠান্ডা পানীয় খাইয়ে অচেতন করে সেনা জওয়ানের স্ত্রীকে ধর্ষণ। সেই ঘটনার ভিডিয়োও করে রাখা হয়। পরে সেই ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল করে একাধিকবার ধর্ষণ করা হয় যুবতীকে। সামাজিক মাধ্যমে সেই ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে হাতিয়ে নেওয়া হয় লক্ষাধিক টাকা। অবশেষে যুবতীর অভিযোগের ভিত্তিকে কাকদ্বীপ থেকে অভিযুক্ত হুগলির পাণ্ডুয়ার বাসিন্দা সৌভিক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে আনল রামপুরহাট থানার পুলিশ। মঙ্গলবার ধৃতকে রামপুরহাট আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী সৈকত হাটি বলেন, ধৃতের তিনদিনের পুলিশ হেপাজত মঞ্জুর করেছে আদালত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিনী একটি প্রাইভেট সংস্থায় কাজ করেন। স্বামী সেনা জওয়ান, ভিন রাজ্যে কর্মরত। ২০২১ সালে কাজের সুবাদে সৌভিকের পরিচয় হয় ওই যুবতীর। অভিযোগে যুবতী দাবি করেছেন, ২০২১ সালের ১ অক্টোবর সৌভিক ঠান্ডা পানীয় নিয়ে তাঁর ফ্ল্যাটে আসেন। সেই পানীয় খেতেই তিনি অচৈতন্য হয়ে পড়েন। অভিযোগ, ওই অবস্থায় অভিযুক্ত যুবক তাঁকে ধর্ষণ করে। ছবি ও ভিডিয়ো তুলে নেয়। এরপরই শুরু হয় ব্ল্যাকমেল। স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের কাছে সেই ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করে। সম্মান রক্ষার্থে সেই টাকা দিয়েও দেন যুবতী। কিন্তু তারপরও রক্ষা পাননি। সামাজিক মাধ্যমে সেই ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ফের চলতি বছরের ১৪ জানুয়ারি ৩০ হাজার টাকা দাবি করে অভিযুক্ত। ওইদিনই অনলাইনে সেই টাকাও দিয়ে দেন গৃহবধ। অভিযোগ, একইভাবে ভয় দেখিয়ে গত ৩ ফেব্রুয়ারি রামপুরহাটের একটি হোটেলে ৫০ হাজার টাকা নিয়ে দেখা করার জন্য যুবতীকে ডাকে অভিযুক্ত। অভিযোগ, হোটেলের রুমে ইচ্ছের বিরুদ্ধে তাঁকে পুনরায় ধর্ষণ করে এবং ৫০ হাজার টাকা নিয়ে নেয়। অবশেষে যুবতী বিষয়টি স্বামীকে জানায়। এরপরই ৪ ফেব্রুয়ারি স্বামীকে সঙ্গে নিয়ে এসে ওই যুবকের বিরুদ্ধে রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেন যুবতী। পুলিশ ধর্ষণ সহ একাধিক ধারায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা করে ঘটনার তদন্তে নামে। যদিও থানায় অভিযোগ হতেই বেপাত্তা হয়ে যায় অভিযুক্ত। তার পান্ডুয়ার বাড়িতে গিয়েও হদিশ মেলেনি। অবশেষে মঙ্গলবার ভোরে কাকদ্বীপ থেকে তাকে গ্রেপ্তার করে আনে রামপুরহাট থানার পুলিশ। সেখানে একজনের বাড়িতে সে আত্মগোপন করে থাকছিল। অভিযুক্তর কঠোর শাস্তি দাবি করেছেন নির্যাতিতা যুবতী।