


নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কোথাও খানাখন্দে ভরতি রাস্তা। কোথাও পিচের আস্তরণ উঠে বেরিয়ে পড়েছে মাটি। এমনই রাস্তার হাল ফেরাতে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে গঙ্গার দু’পারের শহর এলাকার পুরসভা গুলির ‘বেহাল’ রাস্তার ‘হাল’ ফেরাতে তৎপরতা শুরু হয়েছে। তাঁর নির্দেশে কেএমডিএ ৪০টি পুরসভায় ৫৬১৬টি রাস্তা তৈরির পরিকল্পনা করেছে। মোট ১৬০০ কিলোমিটার রাস্তা তৈরি হবে। পথশ্রী প্রকল্পের মাধ্যমে এই সমস্ত রাস্তা তৈরির কাজ শুরু হবে শীঘ্রই। ৪২ লক্ষ ৩০ হাজার বর্গমিটার রাস্তা তৈরির জন্য খরচ ধরা হয়েছে ১৩০২ কোটি ৯১ লক্ষ ৮২ হাজার ৬৯৭ টাকা। পুরো টাকা রাজ্য সরকারের ফান্ড থেকে খরচ করা হবে। সমস্ত রাস্তা তৈরি হবে ফেব্রুয়ারি মাসের মধ্যে। রাস্তাগুলি মূলত কংক্রিট, বিটুমিন এবং কংক্রিট ব্লক দিয়ে তৈরি হবে।
এবিষয়ে কেএমডিএ’র এক কর্তা জানান, পুরসভার ভিত্তিতে প্রাথমিকভাবে সংশ্লিষ্ট এলাকার রাস্তার তালিকা জমা দেওয়া হয়েছিল। সেই তালিকাকে বিশ্লেষণ করে মোট ৫৬১৬টি রাস্তাকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল— হাওড়া পুরসভার কিংস রোড, লিচুবাগান রোড, সালকিয়া স্কুল রোড, নস্করপাড়া রোড। রাস্তা তৈরি হবে রাজপুর-সোনারপুর পুরসভা বালিয়া মেইন রোড, হরতকীতলা থেকে বাগুইপাড়া অটো স্ট্যান্ড, খিরিশতলা মোড় থেকে মিলনপল্লি, তারা মা মোড় থেকে সনৎ হালদারের বাড়ি পর্যন্ত। এছাড়া স্টেশন থেকে পৌষমেলার মাঠ পর্যন্ত তিন কিমি রাস্তাও তৈরি করবে কেএমডিএ। রাজারহাট নিউটাউনের কলাবাগান রোড, মণ্ডলগাঁতি মৌলানা আজাদ সরণি মিলিয়ে প্রায় ২ কিমি রাস্তা তৈরি হবে। বিধাননগর পুরসভার ৩ নং ওয়ার্ড পশ্চিম বেরাবেড়ি খাদিম গলি পর্যন্ত ১.২ কিমি রাস্তা, উত্তর শহরতলির অম্বিকাচরণ মুখার্জি রোড, নেতাজি কলোনিতে বেশ কয়েকটি রাস্তা মিলিয়ে প্রায় তিন কিলোমিটার রাস্তা তৈরি হবে বরানগর পুর এলাকায়। বিটি রোড কফিহাউস থেকে মৃগনয়নী, নিয়োগী পাড়া রোড, এন কে চ্যাটার্জি রোড, জিএলটি রোড, মান্নাপাড়া রোড সংস্কার করা হবে। এছাড়া সুখচর পুকুরপাড়া রোড, সুখচর ফার্স্ট গলি, রাজা রামচাঁদ ঘাট রোড, এম এন চ্যাটার্জি রোড, টি এন ব্যানার্জি রোড, হরিদাস ভট্টাচার্য রোড, বিবেকানন্দ রোড সংস্কার হবে পানিহাটি পুর এলাকায়।
কেএমডিএ কর্তার কথায় বেশ কিছু ক্ষেত্রে টেন্ডার হয়ে গিয়েছে। বাকিগুলির টেন্ডার প্রক্রিয়াও শুরু হয়েছে, সেই রাস্তাও ভোটের আগে তৈরি হয়ে যাবে। এবিষয়ে কেএমডিএ’র চেয়ারম্যান তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান, শহরাঞ্চলের সব রাস্তা মসৃণ হোক। সেই মতো পথশ্রী প্রকল্প তার মস্তিষ্কপ্রসূত। তাঁর নির্দেশে ৫৬১৬টি রাস্তা মেরামতের পরিকল্পনা নেওয়া হয়েছে। খরচ হবে ১৩০২ কোটি টাকার বেশি। সব খরচ দিচ্ছে রাজ্য। বাংলার মানুষের রাস্তায় চলতে যাতে অসুবিধা না হয় তার জন্য এই উদ্যোগ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফেব্রুয়ারি মাসের মধ্যে রাস্তার হাল বদলে যেতে চলেছে। খানাখন্দ মুক্ত হবে শহরের রাস্তা।