


জম্মু: প্রবল ধসে মহিলা পুণ্যার্থীর মৃত্যু। যার জেরে বৃহস্পতিবারের জন্য স্থগিত রাখা হল অমরনাথ যাত্রা। জানা গিয়েছে, গান্ধেরবাল জেলার বালতাল রুটে বুধবার ওই দুর্ঘটনা ঘটে। প্রাণ হারান একজন। আরও তিনজন জখম হন। অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় অমরনাথ যাত্রার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, যাত্রাপথে রাস্তা ধুয়ে তীরবেগে কাদাজল নেমে আসছে। তাতে দুই পুণ্যার্থী ভেসে যাচ্ছেন। বাকিরা পাহাড় ঘেঁষে এবং খাদের পাড়ে জড়ো হয়ে দাঁড়িয়ে। পরে অবশ্য ভেসে যাওয়া দুই পুণ্যার্থীকে উদ্ধার করা হয়।
বুধবার ধসের খবর পেয়েই জাতীয় ও রাজ্য দুর্যোগ মোকাবিলা দলের প্রতিনিধিরা অকুস্থলে পৌঁছন। আটকে পড়া তীর্থযাত্রীদের উদ্ধারের কাজ চলছে। বালতালজুড়ে মোতায়েন রয়েছে উদ্ধারকারী দল। প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই অমরনাথ যাত্রার রুট যাতে পুনরায় ফের চালু করা যায়, সেই কাজও শুরু হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ২ লক্ষ মানুষ অমরনাথ দর্শন করেছেন। আরও কয়েক লক্ষ মানুষ পাড়ি দেবেন। এর মধ্যেই শুরু হয়েছে লাগাতার বৃষ্টি। যার ফলে জায়গায় জায়গায় ধস নামছে।