


ফিরদৌস হাসান, কাশ্মীর: অমরনাথ যাত্রায় পুণ্যার্থীদের সুরক্ষায় এবার হাই-টেক প্রযুক্তি। যাত্রাপথের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা, কুলগাঁওয়ে ব্যবহার করা হচ্ছে উন্নত প্রযুক্তির জিও ফেনসিং সিস্টেম। অপরাধমূলক কাজের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে ব্যবহার হচ্ছে ফেসিয়াল রেকগনিশন সিস্টেম। জানা যাচ্ছে, এই প্রথমবার অমরনাথ যাত্রায় এত উন্নত প্রযুক্তির ডিজিটাল সার্ভেইলেন্স সিস্টেম ব্যবহার করা হচ্ছে।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় জঙ্গিদের গুলিতে প্রাণ গিয়েছিল ২৬ জনের। সেই ঘটনায় উপত্যকার নিরাপত্তা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছিল। অমরনাথ যাত্রা নিয়ে এবার শুরু থেকেই তাই কড়া ব্যবস্থা নিয়েছে প্রশাসন। তারই অঙ্গ হিসেবে এবার ব্যবহার হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। পুলিসের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, জিও ফেন্সিংয়ের সাহায্যে কুলগাঁওয়ের অর্ন্তগত জাতীয় সড়ক এলাকায় পুণ্যার্থী ও গাড়ির যাতায়াতের উপর রিয়েল টাইমে নজরদারি চালানো হচ্ছে। ফেন্সিং চিহ্নিত এলাকায় কোনও সন্দেহজনক গতিবিধি দেখলেই পদক্ষেপ করা হবে। কেউ ওই নির্দিষ্ট রুট থেকে বাইরে বেরিয়ে যাচ্ছেন বা বাইরে থেকে এসে পুণ্যার্থীদের মধ্যে মিশে যাচ্ছেন কি না, তাও সহজেই চিহ্নিত করা সম্ভব হবে। পাশাপাশি, অমরনাথ যাত্রার দু’টি গুরুত্বপূর্ণ এলাকায় বসেছে ফেসিয়াল রেকগনিশন ক্যামেরা। যার মাধ্যমে ছবি দেখে পুলিসের তথ্যভাণ্ডারে থাকা দাগী অপরাধীকে সহজেই চিহ্নিত করা যাবে বলে জানানো হয়েছে। ভিড়ের মধ্যে মিশে থাকা অপরাধীদের চিহ্নিত করার ক্ষেত্রে এই প্রযুক্তি অত্যন্ত কার্যকরী হবে বলে মত কাশ্মীর পুলিসের।