


লখনউ, ১৫ সেপ্টম্বর: একবার দু'বার নয়। টানা তিন বছরে তিন বার। ভাঙা হল সংবিধান প্রণেতা আম্বেদকরের মূর্তি। উত্তরপ্রদেশের এটাহ জেলায় সোমবার ভোরে আম্বেদকরের একটি মূর্তি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। প্রথমে লালাহাট গ্রামের বাইরে স্থাপিত ওই মূর্তির কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা এবং ঘটনাস্থলে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।
দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তাঁরা গ্রামবাসীদের আশ্বস্ত করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, একই মূর্তিতে গত তিন বছরে এই নিয়ে তৃতীয়বার ভাঙচুরের ঘটনা ঘটল। গ্রামবাসীদের দাবি, এর আগেও মূর্তিটি ক্ষতিগ্রস্ত করার ঘটনা ঘটেছিল এবং অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। বারবার একই ধরনের ঘটনা ঘটায় গ্রামের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে বলেও জানান তাঁরা। গ্রামবাসীরা দ্রুত মূর্তিটি মেরামত করার পাশাপাশি সেটিকে ঘিরে লোহার গ্রিল বসানো এবং স্থায়ী নিরাপত্তার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।
এটাহের সিনিয়র এসপি এলামারান জি বলেন, আম্বেদকরের মূর্তিতে ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনও স্তরেই গাফিলতি বরদাস্ত করা হবে না এবং ঘটনার সঙ্গে জড়িত কাউকে রেহাই দেওয়া হবে না। ঘটনার পর এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। একই মূর্তিতে বারবার ভাঙচুরের ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা দ্রুত দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং ভবিষ্যতে এমন ঘটনা রুখতে স্থায়ী নিরাপত্তার দাবি জানিয়েছেন।