


অ্যাকশন, থ্রিলারের ভিড়েও ‘ফিল গুড’ ছবি করতে পছন্দ করেন আমির খান। তাঁর সাম্প্রতিক সিনেমা ‘সিতারে জমিন পর’ এর প্রমাণ। ইতিমধ্যে পরের ছবির কাজ শুরু করেছেন অভিনেতা। এরপর নাকি ‘মহাভারত’ তৈরি করতে চলেছেন আমির। ইতিমধ্যে ছবির জন্য যাবতীয় প্রস্তুতি শুরু করেছেন মিস্টার পারফেকশনিস্ট। পাশাপাশি আরও একটি ছবির জন্য তৈরি হচ্ছেন আমির। শোনা যাচ্ছে, মেঘালয়ের হানিমুন মার্ডারের উপর ভিত্তি করে একটি ছবি তৈরি করার ইচ্ছা রয়েছে আমিরের। সম্প্রতি এই ঘটনা দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছিল। হানিমুনে গিয়ে সোনম রঘুবংশী খুন করেছিল স্বামীকে। সেই ঘটনার উপর ভিত্তি করেই ছবি তৈরি করবেন আমির। পুরো বিষয়টি আপাতত প্রাথমিক পর্যায়ে রয়েছে। সূত্রের খবর, আমির তাঁর ঘনিষ্ঠবৃত্তে এই কাণ্ড নিয়ে আলোচনা করেছেন। তাঁর প্রযোজনা সংস্থার তরফেই ছবিটি তৈরি করা হবে। ‘মহাভারত’ তৈরির পর এই ছবি নিয়ে পুরোদমে কাজ শুরু হতে পারে।