


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাইপাস সংলগ্ন পাঁচতারা হোটেলের বলরুম নয়, ঠিক যেন গঙ্গাপাড়ের ইডেন। কে বলবে কোটিপতি লিগের বোধনে এখনও দিন কয়েক বাকি? মঙ্গল-সন্ধ্যা যত রাতের দিকে গুটিগুটি পায়ে এগল, সোনালি-বেগুনি আবেগ, উচ্ছ্বাস, উন্মাদনা আরও উত্তাল হল। কয়েক হাত দূরেই সুনীল নারিন, ক্যামেরন গ্রিন, বরুণ চক্রবর্তী, অজিঙ্কা রাহানে— ফ্যানরা পাগলপারা তো হবেনই!
‘নাইটস আনপ্লাগড ৩.০’ অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল ঠিক সন্ধ্যে নামার মুখে। তবে দুপুর থেকেই রকমারি সাজে হাজির ফ্যানরা। সঙ্গী অবশ্যই জার্সি, হাতে পতাকা। ‘ঝুমে জো পাঠান’ বা ‘ছাঁইয়া ছাঁইয়া’ সুরে শরীর দোলানো, ‘কেকেআর কেকেআর’ গর্জন চলছিলই। ক্রিকেটাররা যখন একে একে মঞ্চে উঠছেন, তখন সবার হাতেই মোবাইল ক্যামেরা। এমন মুহূর্তকে চিরদিনের জন্য শুধু স্মৃতিতেই নয়, ডিজিটালেও বন্দি করে রাখা।
এই চালচিত্র নিশ্চিতভাবে স্পর্শ করল নাইট শিবিরকে। কোচ অভিষেক নায়ার তো সাফ বলেই দিলেন, ‘আইপিএল জিতে সমর্থকদের সঙ্গেই মেতে উঠব উৎসবে।’ গতবারও ছিলেন ক্রিকেটার, এবার ‘পাওয়ার কোচ’ আন্দ্রে রাসেলের তরফে থাকল প্রতিশ্রুতি। চতুর্থবারের জন্য কলকাতা আইপিএল জিতলে তিনি সমর্থকদের উপহার দেবেন স্পেশাল ‘দ্রে রাস লাইভ শো’। সঙ্গে সঙ্গে হাততালিতে কাঁপল বলরুম। তাঁর ১২ নম্বর জার্সিও সংরক্ষণ করে রাখল কেকেআর। এবার পালা ‘চ্যাম্পিয়ন’ খ্যাত ডোয়েন ব্র্যাভোর। ট্রফি এলে তাঁর গলায় শোনা যাবে সেই বিখ্যাত গানের রিমিক্স। কারণ সহজবোধ্য। গানের কথাগুলো বদলাতে হবে যে। অ্যালেন, সেইফার্ট, রাচীন রবীন্দ্রর মতো উমরান মালিক, বৈভবদের নামও যে যোগ হবে ‘চ্যাম্পিয়ন ২.০’ গানে!
বাড়তি পাওনা ছিল শেন ওয়াটশনের লাইভ শো। প্রথম আইপিএলের সেরা ক্রিকেটার এবার নাইটদের সহকারী কোচ। এহেন শেন ওয়াটসন রীতিমতো গিটার বাজিয়ে শোনালেন গান। এখানেই শেষ নয়, চ্যাম্পিয়ন হলে ফের গিটার হাতে বসে পড়বেন সোনালি চুলের অজি। আর সেই লক্ষ্যে অজিঙ্কা রাহানের উপর থাকল তাঁর আস্থা। স্বয়ং ক্যাপ্টেন আবার দিলেন ভরসা, ‘কেকেআরের ফ্যানরা সেরা। ওদের উন্মাদনা স্পর্শ করছে আমাদেরকে। কলকাতায় ট্রফি আনতে নিজেদের উজাড় করে দেব। তারপর সেলিব্রেশনটাও হবে মনে রাখার মতো!’
উৎসবের মেনু অবশ্য এখন থেকেই মনে গেঁথে নিয়েছেন সমর্থকরা। রাসেলের লাইভ শো, ব্রাভোর সেই গান, ওয়াটসনের হাতে গিটার এবং অবশ্যই বাজিগর শাহরুখের উপস্থিতি!