


নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: অক্টোবর থেকে তৃতীয় সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা। রবিবার মন্ত্রী মালতী রাভা রায় একথা জানান। এদিন কোচবিহার রাসমেলা মাঠ পরিদর্শনে এসে মন্ত্রী বলেন, ‘সোমবার (আজ) মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে পুজো নিয়েও আলোচনা হবে।’
রাজ্যে পালাবদলের পর এবছর প্রথম কোচবিহার রাসমেলা। নভেম্বরের চতুর্থ সপ্তাহে রাসপূর্ণিমা। ঐতিহ্যবাহী রাসমেলার প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলা প্রশাসন। ব্যবসায়ী সংগঠনকে নিয়ে একপ্রস্থ বৈঠকও হয়েছে। সামনেই গণেশ এবং বিশ্বকর্মা পুজো। তারপর মহালয়া এবং দুর্গোৎসব।
এদিকে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পেরোতে চললেও অন্নপূর্ণার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তাঁরা কবে টাকা পাবেন? মন্ত্রী বলেন, অপেক্ষা করুন। ১৭ তারিখ তো বলাই হয়েছে। ওইটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও জন্মদিন। সেদিনই আমরা অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু করব।
অক্টোবর মাসে দুর্গাপুজো। তাহলে পুজোর মাসেও কি তৃতীয় সপ্তাহে অন্নপূর্ণার টাকা মিলবে? মন্ত্রী বলেন, ধরেই নিন এরপরে তৃতীয় সপ্তাহ থেকেই শুরু হবে। দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহ থেকে মিলবে ওই টাকা। অযোগ্যদের নাম কাটা এবং যোগ্যদের নাম তোলার জন্য এদিন সংবাদ মাধ্যমের সহযোগিতা চেয়ে মন্ত্রী বলেন, নথি যাচাই এখনো চলছে। যোগ্য কেউই বঞ্চিত হবেন না। অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকায় নতুন নাম সংযোজনের বার্তা দিয়ে মন্ত্রী বলেন, সংযোজন হবে। আপনারা দেখেছেন আমরা প্রথমে ১২ হাজার কোটি টাকা এবং তারপর ৩৬ হাজার কোটি টাকা দিয়েছি। সোমবার ক্যাবিনেট বৈঠক। পুজোর অনুদান নিয়ে চূড়ান্ত কিছু হতে পারে।