


সংবাদদাতা, উলুবেড়িয়া: অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে সোমবার ভোর থেকেই উদয়নারায়ণপুরের ভবানীপুর বিধি চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কুলটিকারি এলাকায় পথ অবরোধ করেন এলাকার মহিলারা। এদিন সকালে শতাধিক মহিলা সেহাগড়ি উদয়নারায়ণপুর রাস্তায় কুলটিকারি এলাকায় রাস্তার উপর গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। সপ্তাহের প্রথম দিনে এই অবরোধে সমস্যায় পড়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ ৪ মাস পেরিয়ে গেলেও এখন ও পর্যন্ত অনেকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি। এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত বিডিও অফিসে গেলেও কেউ কোন কথা বলছেন না। এমনকি স্থানীয় মহিলাদের অভিযোগ এই বিষয়ে এলাকার বিধায়ক সমীর পাঁজাও কোন উদ্যোগ নিচ্ছেন না। সব মহিলাদের অ্যাকাউন্টে টাকা না দিলে বাকিদেরও টাকা পাঠানো বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা । প্রায় ঘন্টাখানেক বিক্ষোভ চলার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। পুলিশের আশ্বাসেও পথ অবরোধ তুললেন না বিক্ষোভকারী মহিলারা। বাইক-টোটো যাওয়ার রাস্তা ছাড়লেও অন্য কোন গাড়ি যেতে দেওয়া হচ্ছে না। তাদের দাবি বিডিও অফিসের আকিকিরা এসে কথা না বলেল অবরোধ তোলা হবে না।