


নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম: লড়াইয়ের আগেই ভোটের ময়দান ছাড়লেন নন্দীগ্রামের আরও এক প্রার্থী। আজ, শনিবার মনোনয়নপত্র প্রত্যাহার করলেন শুক্লা দাস। তাঁর এই সিদ্ধান্তে খুশি বিজেপি নেতৃত্ব।
নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের শিমুলকুণ্ড গ্রামের বাসিন্দা শুক্লা দাস। এলাকায় বিজেপি নেত্রী হিসেবে পরিচিত তিনি। কিন্তু দলের অভ্যন্তরে গুরুত্ব পাচ্ছিলেন না বলে অভিযোগ। অভিমানে ‘ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টি’-তে নাম লেখান এই মহিলা নেত্রী। অনামি এই দলের প্রার্থী হিসেবে নন্দীগ্রাম উপনির্বাচনে মনোনয়নপত্রও জমা দেন। কিন্তু আজ, মনোনয়ন প্রত্যাহারের শেষপর্বে লড়াইয়ের ময়দান ছাড়ার কথা ঘোষণা করেন তিনি।
শুক্লাদেবীর স্বামী দিব্যেন্দু ওরফে বাপি দাস বলেন, ‘বিজেপিতে সেভাবে গুরুত্ব না পেয়ে অভিমানে আমার স্ত্রী বিরোধী দলের প্রার্থী হয়েছিলেন। নেতৃত্ব বুঝিয়ে তাঁকে মনোনয়ন প্রত্যাহারে রাজি করিয়েছে।’