


রিয়াধ: ফের হামলা সৌদি আরবের রাজধানী রিয়াধের বিমানবন্দরে। শনিবার প্যাসেঞ্জার টার্মিনালে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র। সঙ্গে সঙ্গে খালি করে দেওয়া হয় বিমানবন্দর। এই ঘটনায় কয়েকজন জখম বলে জানিয়েছেন আঞ্চলিক আধিকারিকরা। নামপ্রকাশে অনিচ্ছুক ওই আধিকারিক বিমানবন্দরের দিকে বেশ কিছু অ্যাম্বুলেন্স যেতে দেখেছেন। হামলার পর রিয়াধগামী উড়ানগুলি ঘুরিয়ে দেওয়া হয়। বাতিল করা হয় বহু উড়ান। আহমেদ সৈয়দ নামে রিয়াধের এক বাসিন্দা জানিয়েছেন, কম করে দুটি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।
ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ ঘিরে উত্তপ্ত পশ্চিম এশিয়া। আঞ্চলিক সংঘাত ক্রমেই ছড়িয়ে পড়ছে। এই আবহে দুদিন আগেই এক হামলায় মৃত্যু হয়েছিল এক পাইলট সহ তিন সৌদি নাগরিকের। ইরানের মদতপুষ্ট বিদ্রোহীদের বিরুদ্ধে আক্রমণ জোরদার করেছে সৌদির নেতৃত্বাধীন জোট। এররপর গত সপ্তাহে একের পর এক আক্রমণের মুখে পড়েছে রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর। এর আগের হামলাগুলির দায়স্বীকার করেছে হুথিরা। শনিবারের হামলা নিয়ে রাত পর্যন্ত হুথিদের কোনো বিবৃতি সামনে আসেনি।