


জয়পুর, ১ নভেম্বর: বেসরকারি হোটেল সংস্থাকে বেআইনি সুবিধা পাইয়ে দেওয়া এবং পরিবারের সদস্যদের নামে বাজারদরের তুলনায় অনেক কম দামে রিসর্টের ভিলা কেনার অভিযোগ এক আইএস আধিকারিকের বিরুদ্ধে। সেই জেরেই আইএস শিখর আগরওয়ালের বিরুদ্ধে তদন্ত শুরু করল রাজস্থান অ্যান্টি করাপশন ব্যুরো। এই তদন্তের অনুমতি দিয়েছে রাজ্য সরকার।
অভিযোগ, একটি বেসরকারি কোম্পানির একটি ব্র্যান্ডের রিসর্টগুলিতে মোট ৩৬টি ভিলা কিনেছেন আগরওয়াল ও তাঁর পরিবারের সদস্যরা। উদয়পুরের বুজড়ায় ২০টি এবং আলওয়ারের আজবগড়ে ১৬টি ভিলা কেনার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সব মিলিয়ে সম্পত্তিগুলির ঘোষিত ক্রয়মূল্য প্রায় ৫.৫২ কোটি টাকা।
অ্যান্টি করাপশন ব্যুরোর প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ২০২৬ সালের ২৭ মার্চ সংস্থাটিকে বিশেষ আর্থিক ছাড়ের প্যাকেজ দিয়েছিল রাজ্যের অর্থ দফতর। অভিযোগ, ওই একই দিনে ২০টি ভিলা পরিবারের সদস্যদের নামে নথিভুক্ত হয়। তদন্তকারীদের সন্দেহ, সরকারি পদে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে ওই সংস্থাকে আর্থিক ও প্রশাসনিক সুবিধা পাইয়ে দিয়েছিলেন আগরওয়াল। তাঁর বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের ১৭এ ধারায় তদন্তের অনুমতি মিলেছে। তবে অভিযোগগুলির সত্যতা এখনও প্রমাণিত হয়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারী দল।