


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতীয় কোচের পদ থেকে ইতিমধ্যেই পদত্যাগ করেছেন মানোলো মার্কুয়েজ। তাঁর উত্তরসূরি খুঁজতে নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। আবেদন জানানোর শেষ তারিখ ১৩ জুলাই। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে আপাতত ম্যাচ নেই জাতীয় দলের। ফের অক্টোবরে মাঠে নামবেন সন্দেশরা। তাঁদের সাম্প্রতিক পারফরম্যান্স একেবারেই পাতে দেওয়ার মতো নয়। পিছতে পিছতে ব্লু টাইগার্সের র্যাঙ্কিং এখন ১৩৩। অর্থাৎ দায়িত্ব নিয়েই কঠিন চ্যালেঞ্জ সামলাতে হবে নতুন কোচকে।
কে হতে পারেন ভারতের কোচ? প্রবল চর্চায় সঞ্জয় সেন ও খালিদ জামিলের নাম। দিন কয়েকের মধ্যেই আবেদন করবেন সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের কোচ। তবে সঞ্জয়কে নিয়ে ফেডারেশনের একাংশের আপত্তি রয়েছে। বরং খালিদের পালে জোর হাওয়া। তাঁর কোচিংয়ে সুপার কাপের ফাইনালে পৌঁছয় জামশেদপুর এফসি। এখনও সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ খালিদ। তবে দু’একদিনের মধ্যেই কর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন মুম্বইকর। তারপরই জাতীয় কোচের জন্য আবেদন করবেন তিনি। অন্যদিকে, দৌড়ে থাকা বিদেশি কোচের তালিকায় অনেক নাম। ইতিমধ্যেই ভারতীয় কোচের জন্য আবেদন করেছেন মোহন বাগানের প্রাক্তনী আন্তোনিও লোপেজ হাবাস। কিন্তু তাঁর বাজেট অনেকটাই বেশি। পাশাপাশি সাপোর্ট স্টাফ এবং অন্যান্য বেশকছিু বিষয়ে তিনি অত্যন্ত খুঁতখুঁতে। মেজাজি হাবাসকে সামলানো বেশ কঠিন। পাশাপাশি স্টিফেন কনস্টানটাইনের নাম ভাসছে। এর আগেও তাঁর হাতে জাতীয় দলের দায়িত্ব ছিল। কিন্তু তাঁকে ফেরানোর ক্ষেত্রেও সমস্যা রয়েছে। নেপথ্যে ব্রিটিশ কোচের সঙ্গে বাইচুং ভুটিয়ার মধুর সম্পর্ক। আসলে প্রকাশ্যে ফেডারেশন সভাপতির বিরুদ্ধে তোপ দেগে বিষনজরে বাইচুং। এই অঙ্কেই নড়বড়ে স্টিফেনের নাম। এছাড়া এক স্প্যানিশ কোচের দিকেও নজর রয়েছে কর্তাদের।