


সংবাদদাতা বোলপুর: বোলপুর থানার আইসি লিটন হালদারকে অকথ্য ভাষায় ‘গালিগালাজ’ ও ‘হুমকি’ দেওয়ার অভিযোগ উঠেছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। এই ঘটনায় শনিবার পুলিসের কাছে হাজিরা দেওয়ার কথা ছিল তৃণমূল নেতার। তবে নির্দিষ্ট সময়ে পেরিয়ে যাওয়ার পরেও তাকে বোলপুরের এসডিপিও অফিসে হাজিরা দিতে দেখা যায়নি। ভারতীয় ন্যায় সংহিতার ৭৫,১৩২, ২২৪, ৩৫১ এই চার ধারায় হুমকি প্রদর্শন, সরকারি কাজে বাধা, সরকারি কর্মীকে হেনস্থা, শ্লীলতাহানির মামলার রুজু করা হয়েছে।
সকাল থেকেই তিনি হাজিরা দেন, কিনা সে বিষয়ে সকলে নজর ছিল। কিন্তু তার পরিবর্তে এদিন বিপদতরণ ভট্টাচার্য, পলাশ মুখোপাধ্যায়, কৌশিক সরকার, মনিশংকর মণ্ডল নামের বোলপুর আদালতের চার আইনজীবী এসডিপি অফিসে এসে পুলিস আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ বিষয়ে আইনজীবীরা মুখে কুলুপ আঁটলেও, যাওয়ার সময় তারা সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি বলে সাংবাদিকদের জানান। এমতাবস্থায় পুলিস অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে সকলে।
তবে পুলিস সূত্রে জানা গিয়েছে অনুব্রত মণ্ডল শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এদিনের হাজিরা এড়িয়েছেন। আগামীকাল রবিবার তাঁকে হাজিরা দেওয়ার জন্য মহকুমা পুলিস প্রশাসন নোটিশ দিয়েছে। এর পাশাপাশি, তদন্তের স্বার্থে অনুব্রত মণ্ডল ও বোলপুর থানার আইসি লিটন হালদারের মোবাইল বাজেয়াপ্ত করা হতে পারে পুলিসের একটি সূত্র জানিয়েছে। এছাড়াও, আগামী সোমবার আইনি জটিলতা এড়াতে সোমবার জামিন নিতে পারেন অনুব্রত এমনটাই তৃণমূল সূত্রের খবর।