


দীর্ঘদিন তিনি লাইট-ক্যামেরা-অ্যাকশনের ঘেরাটোপ থেকে দূরে। কবে ফের বড়োপর্দায় ফিরবেন, তা নিয়ে চর্চা সর্বত্র। তা সত্ত্বেও বিনোদন জগতের প্রতি মুহূর্তের আপডেট রাখেন অনুষ্কা শর্মা। সদ্য যেমন তিনি দেখেছেন আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর ২’। বক্স অফিসে রেকর্ড গড়েছে এই ছবি। ইতিমধ্যে পার করেছে ১ হাজার কোটি টাকার গণ্ডি। এই আবহে অনুষ্কা সমাজমাধ্যমে লিখলেন, ‘চার ঘণ্টার সিনেমা। এতটুকু ক্লান্ত বা বিরক্ত হইনি। রণবীর তুমি অসাধারণ।’ এছাড়াও ছবির বাকি অভিনেতা-অভিনেত্রীদেরও প্রশংসায় পঞ্চমুখ অনুষ্কা। কেবল তিনিই নন, বিরাট কোহলিও প্রশংসা করেছেন ‘ধুরন্ধর ২’ ছবির। পরিচালক আদিত্য ধরের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। এই প্রশংসাকে ‘স্বপ্নের মতো’ বলে আখ্যায়িত করেছেন পরিচালক।