


নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: এবার আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে রংও বদলে যাবে। নীল-সাদার বদলে গেরুয়া রঙের পোচ পড়বে মেডিকেলের বিল্ডিংয়ে। মঙ্গলবার আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠকে এনিয়ে আলোচনা হয়েছে। এছাড়া মেডিকেলে রোগী ও আত্মীয়দের পরিষেবা বাড়াতে আরও গুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরামবাগ মেডিকেলের অধ্যক্ষ রমাপ্রসাদ রায় বলেন, রং বদল, মেডিকেলের জমি পুনরুদ্ধার সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। পরিকল্পনা মাফিক প্রস্তাব স্বাস্থ্যদপ্তরের কাছে পাঠানো হবে।
রাজ্যে পালাবদলের পর সরকারি ভবনগুলিতেও রঙের বদল ঘটছে। ইতিমধ্যেই বেশকিছু জায়গায় গেরুয়া রঙের পোচ পড়েছে। এবার আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালেও তা হবে বলে পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে শুধু রংই নয়, মেডিকেলের পরিকাঠামোগত উন্নতির জন্য আরও গুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন মেডিকেলে রোগী কল্যাণ সমিতির বৈঠকে হাজির ছিলেন গোঘাট, আরামবাগ ও পুরশুড়ার বিধায়ক যথাক্রমে প্রশান্ত দিগার, হেমন্ত বাগ ও বিমান ঘোষ। এছাড়া মেডিকেল কর্তৃপক্ষ সহ প্রশাসনের আধিকারিকরা ছিলেন। বিধায়করা জানিয়েছেন, আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের কালীপুর সংলগ্ন এলাকায় প্রায় পাঁচ একর জমি রয়েছে। সেই জমির একাংশ দখল হয়ে রয়েছে। ওই জমি পুনরুদ্ধার করা হবে বলে এদিন সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া মেডিকেল ক্যাম্পাসে হস্টেল বিল্ডিং গড়তেও এদিন আলোচনা করা হয়। নির্মাণ কাজের জন্য জমির খোঁজ করা হবে। রোগীর আত্মীয়দের রাতে থাকার জন্য একটি শেল্টার তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে।
বিমানবাবু বলেন, গেরুয়া রঙের পোচ দেওয়ার ব্যাপারে স্বাস্থ্যদপ্তর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এদিন শুধু বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। রোগীর আত্মীয়দের জন্য একটি উন্নত শৌচাগার তৈরির ব্যাপারে আলোচনা হয়। হাসপাতালের গেটগুলিরও হাল ফেরানো হবে। প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র খুলতেও আলোচনা হয়। বাকি অন্যান্য বিষয় নিয়েও আমরা পরিকল্পনা করেছি। ধাপে ধাপে সেগুলি বাস্তবায়িত হবে।
বিধায়ক প্রশান্তবাবু বলেন, আরামবাগ মেডিকেলে সাধারণ গরিব মানুষজন চিকিৎসার জন্য আসেন। হাসপাতালে যাতে চিকিৎসক, নার্স প্রত্যেকেই মানবিকতার সঙ্গে পরিষেবা দেন তার অনুরোধ করেছি। রোগীরা যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে অনুরোধ করেছি। এখানে সব বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষও সেই ব্যাপারে নজর দিচ্ছে। আগামী দিনে আমাদের এই হাসপাতাল একটি উন্নত পরিকাঠামোয় আত্মপ্রকাশ করবে।