


বার্মিংহাম: দ্বিতীয় টেস্টের আগে শক্তি বাড়ল ইংল্যান্ডের। চোট সারিয়ে টেস্ট স্কোয়াডে ঢুকলেন পেসার জোফ্রা আর্চার। লাল বলে দেশের হয়ে তিনি শেষবার খেলেছিলেন ২০২১ সালের মে মাসে। তারপর চোট সমস্যা তাঁকে ভুগিয়েছে। কখনও পিঠের ব্যথায় কাবু হয়েছেন। আবার কখনও সমস্যায় ফেলেছে কনুই। এই কারণেই হেডিংলেতে প্রথম টেস্টে তাঁকে দলে রাখা হয়নি। বলা হয়েছিল, কাউন্টিতে সাসেক্সের হয়ে ভালো খেললে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য স্কোয়াডে তাঁকে অন্তর্ভুক্ত করা হবে। সেই মতো বৃহস্পতিবার বার্মিংহাম টেস্টের দল ঘোষণা করল ইসিবি। প্রথম টেস্ট জেতায় দল থেকে কাউকে বাদ দেওয়া হয়নি। ফলে স্কোয়াডে পেসারের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়। এখন প্রশ্ন, তাহলে কি বার্মিংহামে পেস সহায়ক উইকেটে খেলবে ইংল্যান্ড? সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ, যশপ্রীত বুমরাহ দ্বিতীয় ম্যাচে বিশ্রাম নিতে চাইছেন। সেক্ষেত্রে ভারতের পেস আক্রমণ দুর্বল হবে। সেই ফায়দা কাজে লাগাতে পারে ইংল্যান্ড। আর্চার জানিয়েছেন, ‘টেস্ট ক্রিকেটে নতুন করে শুরু করার জন্য তৈরি। জানি অনেক চ্যালঞ্জ রয়েছে। আর তা অতিক্রম করেই সেরাটা মেলে ধরার চেষ্টা করব।’