


মুম্বই, ২৭ জানুয়ারি: বছরের শুরুতেই দুঃসংবাদ। আর গান গাইবেন না অরিজিৎ সিং! বলিউডে রোমান্টিক গান আর তাঁর নাম প্রায় সমার্থক শব্দ। সেই গায়কই এবার অবসর গ্রহণের সিদ্ধান্ত নিলেন। করলেন সোশ্যাল মিডিয়ায় পোস্টও। আজ, মঙ্গলবার রাত ৮টা ২৬ মিনিটে আচমকাই করা তাঁর পোস্টে রীতিমতো শোরগোল। এদিন রাতে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই সিদ্ধান্তের কথা জানান গায়ক। লেখেন, সবাইকে ইংরাজি নববর্ষের শুভেচ্ছা। গত কয়েক বছরে শ্রোতা হিসেবে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। আজ আমি আনন্দের সঙ্গেই জানাচ্ছি যে এখন থেকে প্লে ব্যাক গায়ক হিসেবে আমি আর নতুন কোনও কাজ নেব না। আমি এখানেই ইতি টানছি। এই সফরটা ছিল সত্যিই দুর্দান্ত।
তবে কেন এই সিদ্ধান্ত সে বিষয়ে অবশ্য স্পষ্ট করে কিছুই বলেননি তিনি। ১৫ বছরের কেরিয়ারে দু’টি জাতীয় পুরস্কারের পাশাপাশি অগুন্তি হিট গান দেওয়ার পরও কেন এমন সিদ্ধান্ত তা স্পষ্টতই বুঝতে পারছেন না কেউই। অনেকের ধারণা, অরিজিৎ এবার সিনেমার গানের বাইরে নিজের স্বাধীন মিউজিক-এ বেশি সময় দিতে চান। তবে গায়কের হঠাৎই নেওয়া এই সিদ্ধান্তে দেশজুড়ে রীতিমত শোকের আবহ। অনুরাগীদের মধ্যে কেউ আবার এই সিদ্ধান্তকে বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসরের মতো বড় ধাক্কা বলে বর্ণনা করেছেন। উল্লেখ্য, ২০১১ সালে মার্ডার ২ ছবির ফির মহব্বত গান দিয়ে তাঁর প্লে ব্যাকের সফর শুরু। তবে ২০১৩ সাল ছিল তাঁর জীবনের এক্কেবারে টার্নিং পয়েন্ট। আশিকি ২-ছবির তুম হি হো গানটি রাতারাতি তাঁকে সুপারস্টার বানিয়ে দিয়েছিল। মোটের উপর এই গান প্লে-ব্যাক থুড়ি রোমান্টিক গানের সংজ্ঞাটাই আমূল বদলে ফেলেছিল।