


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এতদিন রাজ্যে কোন প্রাকৃতিক বিপর্যয় হলে উদ্ধারের কাজে দেখা যেত পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ অথবা কেন্দ্রীয় সরকারের এনডিআরএফকে। এবার থেকে এই ধরনের বিপর্যয়ের ঘটলে উদ্ধার কাজে পথে নামবে অর্জুন বাহিনী। আজ মুখ্যমন্ত্রী রাজ্যের নতুন বিপর্যয় মোকাবিলার দলের আনুষ্ঠানিক ঘোষণা করেন। আপাতত ২০০ সদস্যের অর্জুন বাহিনী তৈরি করা হচ্ছে। কলকাতা, পাহাড় ও সুন্দরবনের দুর্যোগপ্রবণ এলাকাগুলিতে এই বাহিনী মোতায়েন করা হবে। তবে ভবিষ্যতে এনডিআরএফ-এর আদলে অত্যাধুনিক সরঞ্জাম সহ বৃহৎ আকারে অর্জুন বাহিনীকে তৈরি করা হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
প্রাথমিকভাবে অর্জুন বাহিনীতে কলকাতায় থাকবেন ১০০ জন, পাহাড়ে থাকবেন ৫০ জন এবং সুন্দরবন এলাকায় মোতায়েন থাকবেন ৫০ জন। অর্জুন বাহিনীর সদস্যদের সম্বোধন করা হবে বীর বলে। আর যার অধীনে পুরো দল কাজ করবে তাকে বলা হবে বীর নায়ক।
আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্পে পাঁচ হাজার টাকা করে মাসিক পেনশনের সূচনা করলেন। পাশাপাশি সব স্তরের সাংবাদিকরা এবার থেকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় ৫ লক্ষ টাকা করে স্বাস্থ্য বীমার আওতায় এলেন।