


করাচি: আরও বিপাকে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ফ্র্যাঞ্চাইজিগুলিতে থাকা বিদেশি ক্রিকেটারদের হুমকি দিল পাকিস্তানেরই জঙ্গি সংগঠন টিটিপি। এক বিবৃতিতে তারা জানায়, ‘বিশ্বের প্রত্যেক ক্রিকেট বোর্ডকে আমরা সতর্ক করতে চাই। অনুগ্রহ করে পিএসএলে দেশের ক্রিকেটারদের পাঠাবেন না। খেলতে এলে ওরা বিপদ পড়বে। তখন আমাদের দায়ী করবেন না।’
মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে এমনিতেই বেহাল দশা পিএসএলের। মাত্র দু’টি ভেন্যুতে দর্শকশূন্য অবস্থায় ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান বোর্ড। তাতেও সমস্যা মিটছে না। একের পর এক বিদেশি ক্রিকেটার টুর্নামেন্ট থেকে নাম তুলে নিচ্ছেন। যাঁরা রয়েছেন, তাঁরাও বেতন বাড়ানোর দাবিতে সরব। তারই মধ্যে জঙ্গি গোষ্ঠীর হুমকিতে রীতিমতো চাপে পাক বোর্ড। উল্লেখ্য, এবার পিএসএলে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, ডেভন কনওয়ের মতো ক্রিকেটার আছেন। কিন্তু নিরাপত্তা সংক্রান্ত হুমকির জেরে তাঁদের খেলাও ঘোর অনিশ্চিত হয়ে দাঁড়াল। এই অবস্থায় টুর্নামেন্ট আয়োজন নিয়ে রীতিমতো সন্দিহান পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা।