


সংবাদদাতা, মালদহ: আমের মরসুমে সুখবর এল মালদহে। এক লপ্তে ইতালি এবং মধ্যপ্রাচ্যে রপ্তানি হল জেলার প্রায় ছয় মেট্রিক টন আম।
আদর্শ কৃষি পদ্ধতি অনুসরণ করার ফলে জেলায় উৎপাদিত আমের আন্তর্জাতিক বরাত আসতে শুরু করেছে বলে মনে করছে মালদহ জেলা প্রশাসন এবং আমচাষের সঙ্গে যুক্ত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান। জেলা প্রশাসনের অনুমান, যেভাবে মালদহে উৎপাদিত আমের গুণগত মান বজায় রাখার উপর জোর দেওয়া শুরু হয়েছে, তাতে আরও বড় আন্তর্জাতিক বরাত মেলার সম্ভাবনা।
মালদহ জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহীতে জেলায় উৎপাদিত ১ হাজার ৫০০ কেজি আম রওনা হয়েছে। পাশাপাশি, মালদহের আরও ৪ হাজার ৫০০ কেজি আম গিয়েছে ইটালির মিলান শহরসহ মধ্যে এশিয়ার বেশকিছু দেশে। জেলা প্রশাসন তৈরি করেছে ‘আমার মালদহ’ নামে আম সম্পর্কিত পোর্টাল। একই সঙ্গে ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচারাল রিসার্চ (আইকার), সেন্ট্রাল ইনস্টিটিউট অব সাবট্রপিকাল হর্টিকালচার (সিআইএসএইচ) এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে জেলায় আম উৎপাদন নিয়ে লাগাতার সমন্বয় রক্ষা করে চলছে প্রশাসন। এর সুফল হিসাবেই এই আন্তর্জাতিক বরাত মিলেছে বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা।
মালদহ জেলাশাসক রাজনবীর সিং কাপুর বলেন, বিভিন্ন বিভাগের সঙ্গে সমন্বয়ের ফলেই জেলার আমের আন্তর্জাতিক বরাত আসতে শুরু করেছে। রপ্তানি নিয়মিত এবং দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক বাজারে যেমন মালদহের আমের নিজস্ব পরিচিতি তৈরি হবে, উৎপাদকদের আর্থিক মুনাফাও অনেকটা বেড়ে যাবে।
সিআইএসএইচের মালদহে নিযুক্ত প্রধান বিজ্ঞানী দীপক নায়কের বক্তব্য, সুনির্দিষ্ট এবং আদর্শ কৃষি পদ্ধতি অবলম্বন, আম উৎপাদকদের নিয়মিত পরামর্শ দেওয়া এবং তাঁদের উৎপাদন পদ্ধতি নিয়মিত পরিদর্শনের মাধ্যমেই এই সাফল্য আসতে শুরু করেছে।
আমের রপ্তানিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মালদহ ম্যাঙ্গো মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক উজ্জ্বল চৌধুরীও।