


গোপাল সূত্রধর, বালুরঘাট: ত্রিমুখী লড়াইয়ে তিনরকম কৌশল। দক্ষিণ দিনাজপুর জেলার সদর বালুরঘাট বিধানসভা আসনে এবার লড়াই মূলত বাম, তৃণমূল এবং বিজেপির মধ্যে। প্রার্থী ঘোষণার পর এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
তৃণমূলের প্রার্থী বালুরঘাটেরই প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ। তাঁর আমলের উন্নয়নকেই হাতিয়ার করে প্রচারে নেমে পড়েছেন। এদিকে বামফ্রন্টের প্রার্থী আরএসপি’র প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর ছেলে অর্ণব চৌধুরী। তিনি আবার বাবার আমলের উন্নয়ন এবং আবেগকে কাজে লাগিয়ে জনতার দরবারে পৌঁছে যাচ্ছেন। এদিকে বিজেপি প্রার্থী বিদ্যুৎ রায় ভোটের ময়দানে নতুন। তবে, তিনি শহরের নাট্য থেকে শুরু করে খেলাধুলো ও আইনজীবী মহলে পরিচিত মুখ। তাঁর উপর রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের হাত। তাই সাংস্কৃতিক মহলে নিজের ইমেজ এবং সুকান্তর উন্নয়নকে হাতিয়ার করে তিনি ভোট যুদ্ধে নেমে পড়েছেন।
অর্পিতা ২০১৪-’১৯ বালুরঘাটের সাংসদ ছিলেন। তিনি নানা উন্নয়নমূলক কাজ করেছিলেন। নাট্য উৎকর্ষ কেন্দ্রও তাঁর আমলে তৈরি। এছাড়া জেলাজুড়ে উচ্চ বাতিস্তম্ভ, পানীয় জল পরিষেবা, রাস্তাঘাট সহ নানা কাজ তিনি করেছেন। তাই ভোটের প্রচারে তিনি পুরনো উন্নয়নকেই হাতিয়ার করছেন। এবিষয়ে অর্পিতা বলেন, সাংসদ থাকাকালীন আমার কাজের নমুনা মানুষ দেখেছে। কিন্তু পরবর্তীতে আর উন্নয়ন হয়নি। বালুরঘাটের মানুষ এবার যদি সুযোগ দেন, আরো কাজ করব।
বালুরঘাট বিধানসভার বিজেপির বিধায়ক অশোক লাহিড়ী এবার টিকিট পাননি। তাঁর পরিবর্তে বিদ্যুৎ রায়কে প্রার্থী করা হয়েছে। তিনি শহরের বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক, ঐতিহ্যবাহী নাট্য মন্দিরের বর্তমান সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি, ল’কলেজের প্রতিষ্ঠাতা সম্পাদক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রধান হিসেবে রয়েছেন। বুদ্ধিজীবী মহলেও তিনি পরিচিত মুখ। তবে বালুরঘাটে সুকান্ত যে উন্নয়ন করেছেন, সেগুলিকে হাতিয়ার করছেন এই নতুন প্রার্থী। বিদ্যুৎ বলেন, আমার সঙ্গে বহু সংগঠনের বহু মানুষ রয়েছে। এই প্রথম ভোটে লড়াই করছি। তৃণমূল বহু দুর্নীতি করেছে। কিন্তু কেন্দ্র সরকারের নেতৃত্বে উন্নয়ন হচ্ছে।
অন্যদিকে, বামফ্রন্টের প্রার্থী আরএসপি’র প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর ছেলে। বিশ্বনাথ টানা আট বারের বিধায়ক এবং ২৫ বছর মন্ত্রী ছিলেন। সারা জীবন ঘরের ছেলের মতো বালুরঘাট শহরের মানুষের সঙ্গে মিশেছেন। তাঁর আমলের যে সমস্ত উন্নয়ন হয়েছিল, সেগুলিকেই হাতিয়ার করছেন প্রার্থী। কেন্দ্রীয় সংশোধনাগার থেকে শুরু করে পুরসভার বালুরঘাট ভবন, ব্রিজ, স্বাস্থ্যকেন্দ্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শুরু করে নানা উন্নয়ন তুলে ধরতে চাইছেন তাঁর ছেলে অর্ণব। বলেন, বালুরঘাট এবং জেলায় যত উন্নয়নমূলক কাজ রয়েছে তার অধিকাংশ বামেদের প্রাক্তন বিধায়ক, মন্ত্রী এবং সাংসদদের আমলের। বরং তৃণমূল সরকারের আমলে প্রচুর দুর্নীতি হয়েছে। সেগুলি তুলে ধরছি। • প্রচারে অর্ণব চৌধুরী। - নিজস্ব চিত্র।