


লন্ডন: প্রিমিয়ার লিগে রবিবার ইপসউইচ সিটিকে চার গোলের মালা পরাল আর্সেনাল। জয়ী দলের হয়ে জোড়া লক্ষ্যভেদ লিয়ান্দ্রো ট্রসার্ডের। এছাড়া স্কোরশিটে নাম তুলেছেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও ইথান নওয়ানেরি। এই জয়ের সুবাদে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে মিকেল আর্তেতার দল (৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট)। অন্য ম্যাচে ফুলহ্যামকে ২-১ ব্যবধানে হারিয়েছে চেলসি। দ্য ব্লু’জের হয়ে লক্ষ্যভেদ করেছেন টাইরিক জর্জ ও পেড্রো নেটো। তবে হতাশ করেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এদিন ঘরের মাঠ, ওল্ড ট্রাফোর্ডে উলভসের কাছে ০-১ ব্যবধানে হেরেছে রুবেন আমোরিমের দল। একমাত্র গোলটি পাবলো সারাবিয়ার।
রবিবার অ্যাওয়ে ম্যাচে শুরু থেকেই দাপট ছিল আর্সেনালের। ১৪ মিনিটে দলকে কাঙ্ক্ষিত লিড এনে দেন ট্রসার্ড (১-০)। ২৮ মিনিটে মিকেল মেরিনোর পাস থেকে ব্যবধান বাড়ান মার্তিনেল্লি (২-০)। চার মিনিট পর ডেভিস লাল কার্ড দেখলে ধাক্কা খায় ইপসউইচ। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি তারা। উল্টে ট্রসার্ড আর ইথানের গোলে বড় জয় তুলে নেয় গানাররা।