


নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ইন্ডিয়ান আর্ট কলেজের ফাইন আর্টসের ছাত্র পলতা শান্তিনগরের বাসিন্দা দেবপ্রসাদ মালাকার। ২০০০ সাল থেকে তিনি মিনিয়েচার তৈরি করছেন। গত বছরে কচুরিপানার আঁশ দিয়ে মা দুর্গা বানিয়েছিলেন। এবার দীঘার জগন্নাথ মন্দির তাঁর অনুপ্রেরণা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের মন্দির দেখে প্রভু জগন্নাথদেব, বলরাম ও মাতা সুভদ্রার হাফ ইঞ্চির মিনিয়েচার তৈরি করেছেন তিনি। তিনদিনের চেষ্টায় মাটি, কাগজ ও রঙ দিয়ে গড়েছেন জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রা, যা রীতিমতো তাক লাগিয়ে দেবার মতো। এর আগে কখনও জগন্নাথদেব তৈরি করেননি। এবার তা তৈরি করে তিনি খুশি।
বৃহস্পতিবার তিনি বলেন, আমি আর্ট কলেজ থেকে পাস করার পরেই মিনিয়েচার তৈরি শুরু করি। মা দুর্গা, মা কালী, রবীন্দ্রনাথ, তাজমহল সবই করেছি। এবার দীঘার জগন্নাথ মন্দির তৈরি হবার পর ঠিক করলাম রথের সময় জগন্নাথদেব তৈরি করব। খুব সূক্ষ্ম কাজ। তিনদিন লাগল কাজটা শেষ করতে। মাটি, কাগজ আর রং দিয়ে তৈরি করেছি। যাঁরা দেখেছেন, সকলেই খুব খুশি। এর আগে টুথপিক, দেশলাই কাঠি, চালের উপরে অনেক মিনিয়েচার তৈরি করেছি।
দেবপ্রসাদ নিজে আঁকার স্কুল চালান। মিনিয়েচার আঁকা নিয়ে তাঁর অনেক গবেষণাও আছে। ইতিমধ্যে যতরকম মিনিয়েচার তিনি তৈরি করেছেন, তা নিয়ে একটি মিউজিয়াম করার স্বপ্ন রয়েছে তার। তাঁর কথায়, সবচেয়ে ছোট মিনিয়েচার হয়েছে দুই মিলিমিটারের। বিভিন্ন জিনিসের উপরে মিনিয়েচার তৈরি করা হয়েছে। সেগুলি দেখে সকলেই প্রশংসা করেছেন। এবার সেগুলি সংরক্ষণ করে একটি মিউজিয়াম করতে পারলে আমার স্বপ্ন পূরণ হবে। নিজস্ব চিত্র