


সংবাদদাতা, বনগাঁ: সফলভাবে কৃত্রিম হাঁটু প্রতিস্থাপন হল বনগাঁ মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতালে। মঙ্গলবার বছর ৬২-র এক মহিলার বাঁ পায়ের হাঁটু প্রতিস্থাপন করেন হাসপাতালের চিকিৎসকরা। মহকুমা স্তরের হাসপাতালে এধরনের সফল চিকিৎসায় খুশি রোগীর পরিবার ও বনগাঁবাসী। জানা গিয়েছে, গত আট বছর ধরে পায়ের ব্যথায় ভুগছিলেন বনগাঁর বাসিন্দা এক বৃদ্ধা। ঠিক করে হাঁটতে পারেন না। অসহ্য ব্যথা হত। এরপর রোগিণীর হাঁটু প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এদিন হাসপাতালের শল্য চিকিৎসক অম্লান দে ও চিকিৎসক তারিকুল আলিমের তত্ত্বাবধানে সফলভাবে সম্পন্ন হয় হাঁটু প্রতিস্থাপন। এজন্য চিকিৎসক, নার্স সহ হাসপাতালের কর্মীদের প্রশংসা করেছেন সুপার কৃষ্ণচন্দ্র বড়াই। তিনি বলেন, হাসপাতালের উন্নত পরিকাঠামো ও চিকিৎসক নার্সদের কঠোর পরিশ্রমে অনেক জটিল অপারেশন বনগাঁ হাসপাতালে করা সম্ভব হচ্ছে।
এবিষয়ে চিকিৎসক অম্লান দে বলেন, মহকুমা হাসপাতালে এই ধরনের অপারেশন ঝুঁকি থাকে ঠিকই। তবে রাজ্য সরকারের স্বাস্থ্যদপ্তরের সহায়তায় বনগাঁ হাসপাতালে অনেক জটিল অপারেশন করা সম্ভব হচ্ছে। পরিকাঠামোর উন্নয়নেও সরকার যথেষ্ট উদ্যোগী হওয়ায় আরও সুবিধা হয়েছে।