


নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: যুবভারতী কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেছেন আয়োজক শতদ্রু দত্ত। তোলবাজি, প্রতারণা সহ পাঁচটি ধারায় এফআইআর রুজু করেছে পুলিশ। ওই ঘটনায় ৪ জুন অরূপ বিশ্বাসকে থানায় তলব করা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার তাঁর আইনজীবী বিধাননগর দক্ষিণ থানায় একটি চিঠি জমা দিয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য তাঁর মক্কেলের উপস্থিত হওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সময়ের আবেদন করেছেন। তাই বৃহস্পতিবার থানায় গরহাজির ছিলেন প্রাক্তন মন্ত্রী।
প্রাক্তন মন্ত্রীর গরহাজিরা প্রসঙ্গে অভিযোগকারী শতদ্রু দত্ত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘সমন আসতেই হঠাৎ অসুস্থতা! কিন্তু, একটা কথা মনে রাখুন—মেডিকেল সার্টিফিকেট দিয়ে হয়তো সময় কেনা যায়, বিচার থেকে পালানো যায় না। এতদিন সব ঠিক ছিল, সমন আসতেই শরীর খারাপ! কাকতালীয় ঘটনা হতে পারে, কিন্তু আইনের হাত থেকে পালানোর পথ নয়। মন্ত্রীমশাই... দুঃখিত, প্রাক্তন মন্ত্রীমশাই, অনেক কষ্ট দিয়েছেন আমায়। ছাড়ব আমি না’।