


কলকাতা, ১৮ জুন: তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার আবেদন জানিয়ে ব্যাঙ্ককে চিঠি দিলেন অরূপ বিশ্বাস। চিঠিতে নিজেকে দলের কোষাধ্যক্ষ বলে দাবি করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। তবে, এই চিঠি দেওয়া নিয়েও তৈরি হয়েছে জটিলতা। কারণ, ৫ জুন তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠকে শুভাশিস চক্রবর্তীকে নতুন কোষাধ্যক্ষ ঘোষণা করে দল। আর আগে পর্যন্ত দলের ট্রেজারার ছিলেন অরূপ। ফলে এখন তার এই চিঠি আদৌ বৈধ কিনা তা নিয়েই উঠছে প্রশ্ন।
প্রসঙ্গত, কলকাতার যে বেসরকারি ব্যাঙ্কে তৃণমূলের অ্যাকাউন্ট রয়েছে সেখানকার ম্যানেজারকে এবার চিঠি দিলেন অরূপ। যেখানে দলের বর্তমান পরিস্থিতির কথা জানিয়ে এই চিঠি দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, তৃণমূলের সংসদীয় ও পরিষদীয় দলের ভাঙন ধরেছে। দলের প্রতীক, তহবিল কার হাতে থাকবে তা নিয়েও জটিলতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দলের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে সব লেনদেন বন্ধ রাখা হোক। সূত্রের খবর ১৬ জুন এই চিঠি দেওয়া হয় ওই বেসরকারি ব্যাঙ্কে।